প্রশাসনের চোখে ধুলো! হাড়াল বাজারে নিষিদ্ধ শব্দবাজির কারবার

বারুইপুর হাড়াল বাজারে নিষিদ্ধ শব্দবাজির কারবার চালানোর অভিযোগে প্রায় ২০০ কেজি বাজি বাজেয়াপ্ত করল পুলিশ। ঘটনায় চাঞ্চল্য।

Share:

ব্যুরো নিউজ, ৬ নভেম্বর ২০২৬: প্রশাসনের কড়া নির্দেশ সত্ত্বেও, দক্ষিণ ২৪ পরগনার হাড়াল বাজারে প্রকাশ্যে চলছিল নিষিদ্ধ শব্দবাজির ব্যবসা। সবুজ বাজির পাশে দেদার বিক্রি হচ্ছিল শব্দবাজি, যা দেখে অবাক বারুইপুর পুলিশ।

অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস, এসডিপিও অনুপ্রিয়া চৌধুরী এবং থানার আইসি শান্তনু মিত্রের নেতৃত্বে একটি দল হাড়াল বাজারে পৌঁছয়। বিভিন্ন বাজির দোকানে তল্লাশি চালাতেই এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। ব্যবসায়ীরা সবুজ বাজির আড়ালে শব্দবাজি বিক্রি করছিলেন। পুলিশ আধিকারিকরা দ্রুত সেগুলি বাজেয়াপ্ত করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া বাজির পরিমাণ প্রায় ২০০ কেজি। শুধু তাই নয়, সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কড়া ভাষায় সতর্ক করা হয়েছে।

বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও কেন এই বেআইনি কারবার চালানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন পুলিশ আধিকারিকরা। এই ঘটনার পর স্থানীয় প্রশাসন শব্দবাজি নিয়ন্ত্রণে আরও কড়া পদক্ষেপ নেবে বলে আশা করা হচ্ছে।