ব্যুরো নিউজ, ৬ নভেম্বর ২০২৬: পেট্রাপোল বন্দরে পণ্য সরবরাহে সমস্যা এবং শ্রমিক সংগঠনের বিজয় সম্মিলনীতে যোগ দিয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়াকে নাম না করে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ঘাড় ধরে দাবিয়ে দেব’। পুলিশ প্রশাসনের ভূমিকার বিরুদ্ধেও তিনি সরব হন।
বৃহস্পতিবার বনগাঁর মতিগঞ্জ বাসস্ট্যান্ডে আয়োজিত এক অনুষ্ঠানে শান্তনু ঠাকুর বলেন, বনগাঁর মাটিতে নতুন করে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে দেওয়া হবে না। তিনি বলেন, ‘আমাদের সরকার গঠন হওয়ার পর বনগাঁয় যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছে সে যত বড়ই নেতা হোক, ঘাড় ধরে দাবিয়ে দেব। কাউকে রেয়াত করা হবে না।’
তিনি আরও জানান, সাত বছর ধরে সাংসদ এবং পাঁচ বছর মন্ত্রী থাকার সুবাদে বনগাঁর সঙ্গে তাঁর নাড়ির টান রয়েছে। শান্তনু ঠাকুরের অভিযোগ, তাঁর সরকার আসার পর থেকেই কিছু মানুষ বনগাঁর মাটিতে তৃণমূলীকরণ করতে চাইছে। সাংসদ হিসেবে তিনি এই ঘটনা ঘটতে দেবেন না বলে আশ্বাস দেন।
পেট্রাপোল বন্দরে শ্রমিকদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বেশ কিছুদিন পণ্য সরবরাহ বন্ধ ছিল। বুধবার থেকে তা চালু হলেও বৃহস্পতিবার ইন্টারনেট পরিষেবার সমস্যার কারণে ফের তা ব্যাহত হয়। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্য রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে।










