ব্যুরো নিউজ, ৬ নভেম্বর ২০২৬: টলিউডে এবার গল্পের প্রেক্ষাপট একেবারে অন্যরকম! কলকাতা বা পাহাড় নয়, নতুন বাংলা ছবির শুটিং হতে চলেছে স্বয়ং যমলোকে! যেখানে চিত্রগুপ্ত ব্যস্ত পাপ-পুণ্যের হিসাব মেলাতে, সেখানে হঠাৎ শোনা যাবে ‘লাইট, ক্যামেরা, অ্যাকশন’। পৌরাণিক কাহিনির সঙ্গে আধুনিক চলচ্চিত্র জগতের মেলবন্ধনে তৈরি হতে চলেছে নতুন কমেডি ছবি ‘যমলোকে সিনেমা’। আর এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আরিয়ান ভৌমিক ও রূপসা মুখোপাধ্যায়কে।
গ্রুফার মুভিজের ব্যানারে সমীরণ সাহার প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন প্রকাশ দাস। ছবির গল্পেও রয়েছে অভিনবত্ব। কাহিনির কেন্দ্রে শুভম মুখোপাধ্যায় নামে এক স্বপ্নবাজ তরুণ। তাঁর স্বপ্ন একজন সফল চলচ্চিত্র পরিচালক হয়ে ওঠা। কিন্তু এক অপ্রত্যাশিত ঘটনার জেরে তাঁকে পৌঁছে যেতে হয় এক অদ্ভুত জগতে—যমলোকে!
সেখানেই শুরু হয় আসল মজা। যমরাজ ও চিত্রগুপ্তের চিরপরিচিত জগতে আধুনিক সিনেমা তৈরির আয়োজন শুরু হলে কী কী কাণ্ড ঘটতে পারে, তা নিয়েই এগোবে ছবির গল্প। পাপ-পুণ্যের হিসাবের মাঝখানে সিনেমার শুটিং, শিল্পীদের নানা বায়না এবং চলচ্চিত্র নির্মাণের অন্দরমহলের মজার পরিস্থিতি—সব মিলিয়ে দর্শকদের জন্য থাকছে এক অন্যরকম বিনোদনের প্রতিশ্রুতি।
আরিয়ান ও রূপসা ছাড়াও ছবিতে অভিনয় করবেন প্রদীপ ভট্টাচার্য, রাজু মজুমদার, দেবাশিস গঙ্গোপাধ্যায় এবং ক্যান্ডি। ছবির কাহিনি ও পরিচালনা নিয়ে উচ্ছ্বসিত প্রকাশ দাস। তাঁর মতে, পৌরাণিক চরিত্রের সঙ্গে আধুনিক সময়ের পরিস্থিতির মেলবন্ধন ছবিটিকে প্রচলিত কমেডির থেকে আলাদা করে তুলবে।
ছবিতে হাসির পাশাপাশি আবেগ, সম্পর্ক এবং একাধিক অপ্রত্যাশিত চমকও থাকবে বলে জানিয়েছেন পরিচালক। খুব শীঘ্রই শুরু হতে চলেছে ছবির শুটিং। এবার দেখার, যমরাজের দরবারে সিনেমা তৈরির এই অভিনব কল্পনা দর্শকদের কতটা মন জয় করতে পারে!








