ওবিসি সংরক্ষণ মামলায় ভারত সরকারকে সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট

ওবিসি সংরক্ষণ নিয়ে কেন্দ্রকে ৮ সপ্তাহের সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট। পুরনো নিয়োগে স্বস্তি, তবে ক্রিমি লেয়ার চিহ্নিতকরণে তৎপর হতে হবে কেন্দ্রকে।

Share:

ব্যুরো নিউজ, ৭ নভেম্বর ২০২৬: ওবিসি (OBC) সংরক্ষণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলায় কেন্দ্র সরকারকে ৮ সপ্তাহের মধ্যে ক্রিমি লেয়ার চিহ্নিত করার কাজ শেষ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই নির্দেশের ফলে সরকারি চাকরি করা বহু মানুষের ভবিষ্যৎ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা আপাতত কাটল।

শীর্ষ আদালত স্পষ্ট করে জানিয়েছে যে, ১১ই মার্চের আগের নির্দেশ পুরনো নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তবে, যে মামলাগুলি এখনও বিচারাধীন, সেগুলির ক্ষেত্রে যোগ্যতা অনুযায়ী আলাদাভাবে বিবেচনা করা হবে। আদালতের এই রায়ে কেন্দ্র কিছুটা স্বস্তি পেলেও, ক্রিমি লেয়ার চিহ্নিত করার জন্য দু’বছর সময় চাওয়ার আবেদন খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত। বিচারপতি পি নরসিমহা এবং বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ এর জন্য কেন্দ্রকে এই আট সপ্তাহ সময় দিয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ১১ই মার্চে সুপ্রিম কোর্টের দেওয়া একটি নির্দেশকে কেন্দ্র করে এই বিতর্কের শুরু হয়। ঐ নির্ণয়ে শীর্ষ জানইয়েছিল যে, কোনো ওবিসি প্রার্থী ক্রিমি লেয়ারের আওতায় পড়বেন কি না, তা নির্ধারণের সময় শুধু বাবা-মায়ের বেতন বিবেচনা করলেই হবে না। তাঁদের চাকরির পদ এবং সামাজিক অবস্থানও দেখতে হবে। এরপরই, ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে হওয়া প্রায় ৫.৬৯ লক্ষ নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হলে সমস্যা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল কেন্দ্র। বিশেষ করে ৩.৭০ লক্ষ ওবিসি সংরক্ষিত পদের নিয়োগ নিয়ে উদ্বেগ ছিল। পুরনো নিয়োগে নতুন নিয়ম লাগু হলে সিভিল সার্ভিস, রেল, ব্যাঙ্ক, ডাক বিভাগ এবং আধাসামরিক বাহিনীর মতো বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা দেখা দিতে পারত। বহু কর্মী ও পরীক্ষার্থীর চাকরিও অনিশ্চিত হয়ে পড়ার আশঙ্কা ছিল।

এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের আজকের রায় পুরনো নিয়োগপ্রাপ্তদের জন্য বড় স্বস্তির খবর নিয়ে এসেছে।