ব্যুরো নিউজ, ২৯ সেপ্টেম্বর ২০২৬: শেয়ার বাজারে তালিকাভুক্তির চাপ এড়াতে ‘টাটা সনস’ এর ভবিষ্যৎ কাঠামো নিয়ে টাটা ট্রাস্টের পক্ষ থেকে এক নতুন পরিকল্পনা প্রস্তাব করা হয়েছে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী, টাটা সনসকে কোর ইনভেস্টমেন্ট কোম্পানি (CIC) এবং আপার-লেয়ার নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি (NBFC) হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। এর ফলে সংস্থাটিকে শেয়ার বাজারে নথিভুক্ত হওয়ার বাধ্যবাধকতার মুখে পড়তে হচ্ছে।
টাটা সনসের প্রায় ৬৬ শতাংশ শেয়ারের মালিক টাটা ট্রাস্টগুলি অবশ্য প্রকাশ্যে জানিয়েছিল যে তারা সংস্থাটিকে তালিকাভুক্ত করতে চায় না। এই পরিস্থিতি এড়াতে টাটা ট্রাস্টের প্রস্তাব অনুযায়ী, টাটা ইলেকট্রনিক্স সিস্টেমস সলিউশনস (TESS) এবং টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স (TCE)-কে টাটা সনস প্রাইভেট লিমিটেড (TSPL)-এর সঙ্গে একীভূত করা হবে।
এই পুনর্গঠনের মূল উদ্দেশ্য হল টাটা সনস-এর রেগুলেটরি স্টেটাস পরিবর্তন করা।ট্রাস্টের বক্তব্য, এই মার্জার কার্যকর হলে টাটা সনস আর NBFC বা CIC-এর সংজ্ঞার মধ্যে পড়বে না, ফলে শেয়ার বাজারে তালিকাভুক্তির বাধ্যবাধকতা এড়ানো সম্ভব হবে।
TESS টাটা গ্রুপের ইলেকট্রনিক্স ও সেমিকন্ডাক্টর উৎপাদন ব্যবসার সঙ্গে যুক্ত, আর TCE একটি ইঞ্জিনিয়ারিং কনসাল্টেন্সি সংস্থা। এই দুটি ব্যবসাকে টাটা সনসের সঙ্গে যুক্ত করার ফলে নিয়ন্ত্রণকারী কোম্পানিটির নিজস্ব ব্যবসা থেকে উপার্জন উল্লেখযোগ্যভাবে বাড়বে। টাটা ট্রাস্টের মতে, এই নতুন কাঠামো টাটা সনসের পুরনো পরিচালনার পদ্ধতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
প্রস্তাবিত মার্জড সংস্থার ব্যবসা থেকে উপার্জন ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত প্রায় ১ লক্ষ ৫ হাজার ৪৩ কোটি টাকা হতে পারে বলে টাটা ট্রাস্টের হিসাব। এই পরিকল্পনাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং কার্যকর করতে টাটা সনস-এর বোর্ডের অনুমোদন ও রিজার্ভ ব্যাঙ্কের নো অবজেকশন সার্টিফিকেট (NOC) প্রয়োজন।








