২৩ না ২৪ নভেম্বর, কবে গুরু নানকের জন্মজয়ন্তী? জানুন তিথি, পুজোর নিয়ম ও মাহাত্ম্য

২০২৬ সালের ২৪ নভেম্বর পালিত হবে গুরু নানক জয়ন্তী। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেব জির জন্মদিন উপলক্ষে এই পবিত্র উৎসবের দিনক্ষণ, তাৎপর্য ও পালনের পদ্ধতি জানুন।

Share:

ব্যুরো নিউজ, ২৩ নভেম্বর ২০২৬: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা! দেশজুড়ে পালিত হতে চলেছে শিখ ধর্মের অন্যতম পবিত্র উৎসব গুরু নানক জয়ন্তী। গুরুপরব বা প্রকাশ পরব নামেও পরিচিত এই বিশেষ দিনটি শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেবজির ৫৫৭তম জন্মবার্ষিকী। তবে এবছর ২৩ না ২৪ নভেম্বর, কবে পালিত হবে এই উৎসব, তা নিয়ে অনেকের মনেই রয়েছে প্রশ্ন।

২০২৬ সালে গুরু নানক জয়ন্তী পালিত হবে ২৪ নভেম্বর, মঙ্গলবার। কার্তিক পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ২৩ নভেম্বর রাত ১১টা ৪২ মিনিটে। তিথি শেষ হবে ২৪ নভেম্বর রাত ৮টা ২৩ মিনিটে। এই সময়সূচি দিল্লির পঞ্জিকা অনুসারে।

কীভাবে পালিত হয় গুরু নানক জয়ন্তী?

এই বিশেষ দিনে গুরুদ্বারগুলিতে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনা, কীর্তন ও ধর্মীয় অনুষ্ঠানের। উৎসবের অন্যতম আকর্ষণ অখণ্ড পাঠ, যেখানে ৪৮ ঘণ্টা ধরে পবিত্র গুরু গ্রন্থ সাহিব পাঠ করা হয়। পাশাপাশি নগর কীর্তন, প্রভাত ফেরি এবং লঙ্গরের আয়োজন থাকে। লঙ্গরে ধর্ম, বর্ণ ও জাতির ভেদাভেদ ভুলে একসঙ্গে বসে খাবার খান সকলে।

গুরু নানক দেবজির মূল শিক্ষা কী?

গুরু নানক দেবজি মানুষকে শিখিয়েছিলেন এক ঈশ্বরের উপাসনা, সততার সঙ্গে উপার্জন এবং নিজের উপার্জনের অংশ অন্যের সঙ্গে ভাগ করে নেওয়ার আদর্শ। তাঁর তিনটি মূল শিক্ষা হল—নাম জপনা, কিরত করনি এবং বন্দ ছকনা। অর্থাৎ ঈশ্বরের নাম স্মরণ, সৎ পথে জীবিকা অর্জন এবং মানুষের পাশে দাঁড়ানো।

সাম্য, মানবতা, ভ্রাতৃত্ব ও নিঃস্বার্থ সেবার বার্তাই গুরু নানক জয়ন্তীর মূল তাৎপর্য।