ব্যুরো নিউজ, ২৩ নভেম্বর ২০২৬: মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে এবার কেরলের সংস্কৃতি ও ঐতিহ্যের জয়গান! ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করছেন কাজিয়া লিজ মেজো (Kaziah Liz Mejo)। আর ন্যাশনাল কস্টিউম রাউন্ডে তাঁর অসাধারণ পোশাক ইতিমধ্যেই নজর কেড়েছে বিশ্বজুড়ে।
কেরলের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য এবং ভারতের সমৃদ্ধ বস্ত্রশিল্পকে পোশাকের মাধ্যমে তুলে ধরেছেন কাজিয়া। ডিজাইনার সিদ্ধান্তের তৈরি এই বিশেষ পোশাকে ব্যবহার করা হয়েছে ভারতের বিভিন্ন প্রান্তের বাছাই করা কাপড়। প্রতিটি কাপড়ের বুনন, রং ও নকশায় ফুটে উঠেছে দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি।
তবে এই পোশাকের সবচেয়ে আকর্ষণীয় দিক পিছনের বিশাল ব্যাকড্রপ। সেখানে ফুটিয়ে তোলা হয়েছে কেরলের প্রাকৃতিক সৌন্দর্য, নারকেল গাছ, হাউসবোট এবং স্থাপত্যের নানা অনুষঙ্গ। কেরলের ঐতিহ্যবাহী কসাভু শাড়ির আদল, সোনালি-ক্রিম রঙের ছোঁয়া এবং বড় ঝুমকাও সাজে যোগ করেছে বিশেষ মাত্রা।
অন্যদিকে, পোশাকের উজ্জ্বল রঙে রয়েছে আয়োজক দেশ পুয়ের্তো রিকোর সংস্কৃতির প্রভাব। ভারতীয় ঐতিহ্য ও লাতিন আমেরিকার রঙিন আবহের এই মেলবন্ধন সত্যিই নজরকাড়া।
আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্স ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে। তার আগে কাজিয়ার এই পরিবেশনা আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় সংস্কৃতির গর্ব আরও একবার তুলে ধরল।









