ব্যুরো নিউজ, ১৩ নভেম্বর ২০২৬: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া হওয়া সত্ত্বেও ডিজেলের দাম লিটারে প্রায় ৫০ টাকা পর্যন্ত বাড়ানো যেত। কিন্তু সাধারণ মানুষ ও কৃষকদের কথা ভেবে কেন্দ্রীয় সরকার সেই পথে হাঁটেননি।
প্রধানমন্ত্রী অঙ্ক কষে দেখিয়েছেন, ব্যারেল প্রতি তেলের দাম ৭০ ডলার থেকে বেড়ে ১২২ ডলারে পৌঁছালেও, সরকার মাত্র সাত টাকা দাম বাড়িয়েছে। বাকি ৪৩ টাকার বোঝা সরকার নিজেই বহন করেছে। এর ফলে প্রতি মাসে সরকারের প্রায় ১৪,০০০ কোটি টাকা লোকসান হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে, প্রতিবেশী দেশগুলিতে এই সময়ে ডিজেলের দাম ৪০-৫০ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছে। কৃষকদের সারের দাম নিয়েও প্রধানমন্ত্রী কথা বলেন।
তিনি জানান, গত ১২ বছরে সরকার সস্তায় সার দিতে ১৬ লক্ষ কোটি টাকা ব্যয় করেছে। আন্তর্জাতিক বাজারে প্রায় ৫,০০০ টাকায় বিক্রি হওয়া ডিএপি সারের একটি বস্তা ভারতীয় কৃষকদের মাত্র ১,৩০০ টাকায় দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, স্বাধীনতার পর এই প্রথমবার গত এক দশকে ভারতের কৃষি ক্ষেত্রে বার্ষিক বৃদ্ধির হার ৪ শতাংশ ছাড়িয়েছে। বিশ্বব্যাংকের সমীক্ষা অনুযায়ী, গত ১২-১৩ বছরে ৫০ কোটি মানুষ দারিদ্র্যসীমার উপরে উঠে এসেছেন। কৃষিকে সামাজিক জীবনের ভিত্তি হিসেবে না দেখলে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণ সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।









