ব্যুরো নিউজ, ২০শে নভেম্বর ২০২৬ : হলিউডে এখন একটাই গুঞ্জন — পরবর্তী জেমস বন্ড হিসেবে কি দেখা যাবে রবার্ট প্যাটিনসনকে? ‘০০৭’-এর সেই আইকনিক স্যুট, চোখে রহস্য আর হাতে বন্দুক — এই লুকে প্যাটিনসনকে কেমন লাগবে, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তুমুল আলোচনা। কেউ বলছেন, তাঁর চেয়ে পারফেক্ট বন্ড আর কেউ হতে পারেন না। কেউ আবার বলছেন, ব্যাটম্যানের পর বন্ড — এ তো একেবারে ইতিহাস হয়ে যাবে!
এই আলোচনার মাঝেই ফের ভাইরাল হয়েছে প্যাটিনসনের সেই আলোচিত প্রস্তুতি। ‘দ্য ব্যাটম্যান’-এর জন্য তিনি অন্য সুপারহিরো অভিনেতাদের মতো শুধু জিমে ভারী ওজন তুলে পেশি বাড়াননি। তাঁর লক্ষ্য ছিল শরীরকে সত্যিকারের যোদ্ধার মতো গড়ে তোলা, যাতে পর্দার লড়াই বাস্তব মনে হয়, সাজানো না লাগে।
তিনি প্রায় তিন মাস ব্রাজিলিয়ান জিউ-জিৎসু শিখেছিলেন। পরে সপ্তাহে তিন-চার দিন নিয়মিত অনুশীলন করতেন। প্রতিটি সেশন টানা ৬০-৯০ মিনিট চলত। শুরুতে দৌড় বা জাম্পিং জ্যাকসে শরীর গরম করতেন, এরপর ঘণ্টার পর ঘণ্টা কৌশল ও লড়াইয়ের অনুশীলন চলত, শেষে স্ট্রেচিংয়ে শরীর ঠান্ডা করতেন। জিউ-জিৎসুর পাশাপাশি বক্সিংও প্রস্তুতির বড় অংশ ছিল। এতে হাত-চোখের সমন্বয় বাড়ে, প্রতিক্রিয়া বিদ্যুৎগতির হয় এবং উপরের শরীরে দারুণ সহনশক্তি আসে, যা বন্ডের মতো চরিত্রের জন্য অপরিহার্য।
কার্ডিওতেও প্যাটিনসন ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান। সপ্তাহে তিন-চার দিন ৫-১০ কিলোমিটার দৌড়াতেন এবং দীর্ঘ সময় হাঁটতেন। বডিওয়েট ব্যায়ামের তালিকাও চমকপ্রদ — পুশআপ, পুলআপ, কোপেনহেগেন প্ল্যাঙ্ক, বিয়ার ক্রল ও স্প্রিন্ট। জানা গেছে, প্রতিটি ব্যায়াম ৬০ বার করে তিন সেট করতেন, সেটের মাঝে বিরতি ছিল মাত্র ৩০ সেকেন্ড। কোর শক্তিশালী করতে করতেন বাইসাইকেল ক্রাঞ্চ, ডাম্বেল সাইড বেন্ড, ডবল ক্রাঞ্চ ও সুপারম্যান হোল্ডের মতো কঠিন ব্যায়াম। তবে সবচেয়ে আকর্ষণীয় দিক তাঁর খাওয়া-দাওয়া। কড়া বডিবিল্ডারদের মতো হিসেব করে, ঘড়ি ধরে খেতে প্যাটিনসন মোটেও আগ্রহী নন।









