ব্যুরো নিউজ, ২১ নভেম্বর ২০২৬: সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিষেধাজ্ঞার প্রতিবাদ জানাতে গিয়ে এবার সরাসরি Meta-র দফতরে বিক্ষোভ যুব কংগ্রেসের! হায়দরাবাদে সংস্থার অফিস চত্বরে ঢুকে স্লোগান, ভাঙচুর এবং বিক্ষোভের ঘটনায় তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ঘটনায় প্রায় ২০-২১ জন যুব কংগ্রেস কর্মীকে আটক করে পুলিশ। যদিও প্রায় তিন ঘণ্টা পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।
শুক্রবার তেলঙ্গানা যুব কংগ্রেসের সভাপতি জাক্কিডি শিবচরণ রেড্ডির নেতৃত্বে এই বিক্ষোভ হয়। যুব কংগ্রেসের অভিযোগ, সংগঠনের সর্বভারতীয় সভাপতি উদয় ভানু চিব এবং জাতীয় ইনচার্জ মনীশ শর্মার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপ করেছে Meta। বিজেপির সমালোচনা করা পোস্ট ও বিরোধী কণ্ঠস্বরকে পরিকল্পিতভাবে আটকে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ আন্দোলনকারীদের। সাত দিনের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সময়সীমা বেঁধে দিয়েছে সংগঠন।
ঘটনার ভিডিওতে অফিস চত্বরে বিক্ষোভকারীদের স্লোগান দিতে এবং একটি ফুলের টব ভাঙতে দেখা গিয়েছে। তবে পুলিশ জানিয়েছে, কর্মীরা মূল অফিস ভবনে প্রবেশ করতে পারেননি।
এদিকে বিজেপির মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী এই ঘটনাকে বেসরকারি সংস্থার দফতরে ভাঙচুর বলে তীব্র নিন্দা করেছেন। কংগ্রেসকে আক্রমণ করেছেন তিনি। অন্যদিকে, বিআরএস নেতা কে টি রামা রাওয়ের অভিযোগ, এই ধরনের ঘটনা হায়দরাবাদের ব্যবসায়িক ভাবমূর্তির ক্ষতি করছে।
যুব কংগ্রেসের দাবি, বিক্ষোভের পর তাদের দুই নেতার অ্যাকাউন্ট পুনরায় চালু হয়েছে। তবে Meta-র তরফে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।









