স্করপিওতে ১৪ জন, বাঁচলেন মাত্র ১ জন! রাঁচি-পটনা হাইওয়েতে ভয়ঙ্কর দুর্ঘটনা

রামগড়ে রাঁচি-পটনা হাইওয়ের ৩৩ নম্বর জাতীয় সড়কে স্করপিও দুর্ঘটনায় ১৩ পুণ্যার্থীর মৃত্যু। আহত এক জনের চিকিৎসা চলছে সদর হাসপাতালে।

Share:

ব্যুরো নিউজ, ২৯শে নভেম্বর ২০২৬ : শনিবার গভীর রাত, প্রায় দুটো বাজে। চারদিক নিস্তব্ধ, হাইওয়েতে হাতে গোনা কয়েকটি গাড়ি চলছে। এমন সময় ঝাড়খণ্ডের রামগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণ গেল। নিহতদের মধ্যে চার শিশু ও চার নারী রয়েছেন। পূজা দিতে বেরোনো একটি দল রাঁচি-পাটনা ৩৩ নম্বর জাতীয় সড়কে মুহূর্তেই হারিয়ে গেল।

জানা গেছে, বিহারের নালন্দা জেলার ঝাঁঘারো গ্রাম থেকে স্করপিও গাড়িতে ১৪ জন পুণ্যার্থী রাজরাপ্পা মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। ভক্তি ও মনস্কামনা নিয়ে শুরু হওয়া সেই যাত্রা তাঁদের শেষ যাত্রায় পরিণত হয়। রামগড়ের কাছে ভয়ঙ্কর দুর্ঘটনায় গাড়িটি বিধ্বস্ত হয়। বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে, আনন্দের যাত্রা মুহূর্তে আর্তনাদ ও কান্নায় বদলে যায়।

দুর্ঘটনার পরে চারদিকে চিৎকার ও হাহাকার শুরু হয়। আশপাশের গ্রামের বাসিন্দারা ছুটে এসে প্রথম উদ্ধারকাজে নামেন। দুমড়ানো গাড়ি থেকে যাত্রীদের একে একে বের করে আনেন তাঁরা। এক আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থাও করেন। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে পরিস্থিতি দেখে তদন্ত শুরু করে।

আহতকে রামগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, চলছে চিকিৎসা। তাঁর অবস্থা নিয়ে উদ্বেগ রয়ে গেছে। দুর্ঘটনার কারণ নিয়ে এখনও ধোঁয়াশা। নিহতদের এক আত্মীয়ের দাবি, হাইওয়েতে অন্য একটি গাড়ি তাঁদের স্করপিওকে সজোরে ধাক্কা মারে, যাতেই এই মর্মান্তিক পরিণতি। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে এসেছেন। পুলিশ এখনও সঠিক কারণ জানায়নি, তদন্ত চলছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর দফতর এক্সে রামগড় দুর্ঘটনায় গভীর দুঃখ জানিয়ে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। একসঙ্গে ১৩ জনের মৃত্যুতে নালন্দার ঝাঁঘারো গ্রামে শোকের ছায়া। হাসিমুখে পুজো দিতে যাওয়া গ্রামে এখন শুধু কান্না। পুণ্যের আশায় বেরিয়ে এমন করুণ পরিণতি কেউ মেনে নিতে পারছেন না।