ব্যুরো নিউজ, ২৯ নভেম্বর ২০২৬: বলিউডের বাদশা শাহরুখ খানের সঙ্গে এবার বক্স অফিসে টক্কর দিতে চলেছেন টলিউডের দুই পরিচিত মুখ দেব এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়! একই সময়ে একাধিক বড় ছবির মুক্তির সম্ভাবনা ঘিরে সিনেমাপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে উত্তেজনা। একদিকে শাহরুখের বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’, অন্যদিকে বাংলা ছবির দুই জনপ্রিয় তারকার সিনেমা—সব মিলিয়ে বক্স অফিসে জমজমাট লড়াইয়ের ইঙ্গিত।
এবার বড়দিনে দেবের উপহার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’। বিনয় এম মুদগিল পরিচালিত এই ছবির গল্প বাস্তবের পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত করিমুল হকের জীবন থেকে অনুপ্রাণিত। মাকে সময়মতো চিকিৎসা দিতে না পারার যন্ত্রণা থেকেই প্রত্যন্ত গ্রামের অসুস্থ মানুষদের জন্য বাইক অ্যাম্বুল্যান্স পরিষেবা শুরু করেছিলেন তিনি। পর্দায় সেই বাস্তব চরিত্রে অভিনয় করছেন দেব। তাঁর সঙ্গে রয়েছেন রুক্মিণী মৈত্র, খরাজ মুখোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, লোকনাথ দে-সহ একাধিক পরিচিত মুখ। ছবিটি মুক্তি পাবে ২৪ ডিসেম্বর ২০২৬।
অন্যদিকে, একই দিনে মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় অভিনীত ‘ফ্যামিলিওয়ালা’। পরিচালক সুমন ঘোষের এই ছবিতে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, অনুসূয়া মজুমদার, সুদীপ্তা চক্রবর্তী, অনিন্দিতা বসু এবং লিলি চক্রবর্তী। দীর্ঘদিন পর নন্দিতা রায়ের বাইরে অন্য পরিচালকের ছবিতে অভিনয় করছেন শিবপ্রসাদ।
আর এই দুই বাংলা ছবির সঙ্গেই একই দিনে প্রেক্ষাগৃহে আসছে শাহরুখ খানের ‘কিং’। ফলে বড়দিনে বাংলা ও হিন্দি ছবির মধ্যে হলের শো এবং দর্শক টানার লড়াই কতটা জমে ওঠে, এখন সেটাই দেখার। বাংলা ছবির জন্য পর্যাপ্ত প্রেক্ষাগৃহ ও প্রাইম টাইম শো পাওয়া যাবে কি না, সেই প্রশ্নও উঠছে।









