ব্যুরো নিউজ, ৯ জুন ২০২৬ঃ পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে তৈরি ‘মাইকেল’ সিনেমা মুক্তির পর বিশ্বজুড়ে কিংবদন্তিদের সংগ্রাম ও সাফল্যের গল্প নতুন করে আলোচনায় এসেছে। এই প্রেক্ষাপটেই ভারতীয় সিনেমার অন্দরমহলে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন পরিচালক সঞ্জয় গুপ্তা। তাঁর মতে, যদি মাইকেল জ্যাকসনের বায়োপিক হতে পারে, তাহলে বলিউডের ‘ডিস্কো ড্যান্সার’ মিঠুন চক্রবর্তীর জীবন নিয়ে ছবি অনেক আগেই তৈরি হওয়া উচিত ছিল।
সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেলে সঞ্জয় গুপ্তা লিখেছেন, আমাদের দেশেও এমন একজন তারকা আছেন, যাঁর গল্প দর্শকদের জানা প্রয়োজন। সংগ্রাম, ত্যাগ, প্রত্যাখ্যান এবং সুপারস্টার হয়ে ওঠার সেই অবিশ্বাস্য যাত্রার নাম মিঠুন চক্রবর্তী। কলকাতার এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে গৌরাঙ্গ চক্রবর্তী নামে জন্ম নেওয়া এই মানুষটি একসময় ফুটপাথে রাত কাটিয়েছেন, বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন। পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (FTII) থেকে পাশ করার পর মৃণাল সেনের ‘মৃগয়া’ ছবিতে জাতীয় পুরস্কার জেতেন।
১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডিস্কো ড্যান্সার’ ছবিটি তাঁকে শুধু ভারত নয়, তৎকালীন সোভিয়েত ইউনিয়নেও আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়। এরপর ‘অগ্নিপথ’, ‘দ্য কাশ্মীর ফাইলস’ সহ অসংখ্য হিন্দি ও বাংলা ছবিতে তিনি নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিনোদন জগতে তাঁর উপস্থিতি এক কিংবদন্তি হয়ে ওঠার গল্প বলে। মিঠুন চক্রবর্তীর এই বর্ণময় জীবন সত্যিই বড় পর্দায় আসার দাবি রাখে।







