ব্যুরো নিউজ, ৩ জুন ২০২৬ঃ টলিউড ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিনের দুর্নীতি, স্বজনপোষণ এবং ‘ব্যান কালচার’-এর অবসান ঘটাতে বড় ঘোষণা করলেন টালিগঞ্জের নবনির্বাচিত বিধায়ক তথা অভিনেত্রী পাপিয়া অধিকারী। বুধবার সকালে টেকনিশিয়ান স্টুডিও চত্বরে এক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এবার থেকে টলিউডে কাজের সুযোগ মিলবে শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতে। এই লক্ষ্যে চালু হচ্ছে বিশেষ ‘SIR’ (স্ক্রিনিং প্রক্রিয়া)।
পাপিয়া অধিকারীর অভিযোগ, অতীতে প্রভাব ও অর্থের জোরে অনেকেই কাজ পেতেন, যার ফলে প্রকৃত দক্ষ কর্মীরা বঞ্চিত হতেন। এই পরিস্থিতি বদলাতেই ‘SIR’ প্রক্রিয়া আনা হচ্ছে। এর মাধ্যমে প্রতিটি পদে যোগ্যতম ব্যক্তিকেই বেছে নেওয়া হবে। একই সঙ্গে টলিউডে ‘ব্যান কালচার’ এবং ‘সাসপেনশন কালচার’-এর অবসান ঘটানো হবে বলেও তিনি অঙ্গীকার করেন। এছাড়াও, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে স্বচ্ছ ও কর্মবান্ধব করে তুলতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ফেডারেশনের আওতায় থাকা ২৬টি গিল্ড ভেঙে দেওয়া হয়েছে। পরিবর্তে ‘সিনেম্যাটোগ্রাফি’, ‘পরিচালক’, ‘প্রোডাকশন কন্ট্রোলার’ এবং ‘আর্ট অ্যান্ড কস্টিউম’ – এই চারটি বিভাগের মাধ্যমে কাজ বন্টন করা হবে।
প্রতিটি বিভাগে দুইজন করে কর্মী থাকবেন, যারা কাজের বণ্টন ও প্রশাসনিক দায়িত্ব সামলাবেন। বিধায়িকা আরও জানান, খুব শীঘ্রই ‘Eastern India Motion Pictures & Cultural Confederation’ (EIMPCC)-এর হাত ধরে নতুন কাজ শুরু হবে। টলিউডকে রাজনীতির নাগপাশ থেকে মুক্ত করার অঙ্গীকার করেন পাপিয়া দেবী। তিনি ‘ডি-কিউব’ মডেলের কথাও উল্লেখ করেন, যার মাধ্যমে শোষক ও অনৈতিক কাজ করা ব্যক্তিদের চিহ্নিত করে তাদের টলিউড থেকে সরে যেতে বলা হবে। এই পদক্ষেপগুলি বাংলা সিনেপাড়ায় এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে আশা করা হচ্ছে।








