ব্যুরো নিউজ, ২৯ অক্টোবর ২০২৬: গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস বিদেশে থেকেও নিজের দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে ভোলেননি। প্রতি বছরের মতো এবারও পরম নিষ্ঠা ও ভালোবাসার সঙ্গে করওয়া চৌথ উদযাপন করলেন তিনি।
এই বিশেষ দিনে স্বামী নিক জোনাসের প্রতি নিজের ভালোবাসা উজাড় করে দিতে হাতে পরলেন বিশেষ মেহন্দি। সোশ্যাল মিডিয়ায় নিজের মেহন্দি রাঙানো হাতের একটি ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা লেখেন, ‘পিয়া কে নাম কি, সকলকে করওয়া চৌথের অনেক শুভেচ্ছা।’ হাতে মেহন্দির ক্লোজ-আপ ছবি শেয়ার করার পাশাপাশি প্রিয়াঙ্কা তাঁর অনুরাগীদের সঙ্গে একটি মজাদার ঘরোয়া টোটকাও শেয়ার করেন।
তিনি জানান, সাধারণত মেহন্দি শুকিয়ে যাওয়ার পর তা যাতে অনেকক্ষণ ভিজে থাকে এবং রঙ আরও গাঢ় হয়, তার জন্য লেবুর রস ও চিনির মিশ্রণ ব্যবহার করা হয়। বিদেশে থেকেও এই লোকজ রীতি মনে রেখে মেহন্দি লাগানোর বিষয়টি তাঁর অনুরাগীদের ভীষণভাবে নজর কেড়েছে।
আমেরিকান পপতারকা নিক জোনাসকে বিয়ে করলেও প্রিয়াঙ্কা তাঁর একমাত্র কন্যা মালতী মেরি জোনাসকে ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করানোর কোনও সুযোগই হাতছাড়া করেন না। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের বাড়িতে ধুমধাম করে দশেরা পালন করেন এই তারকা দম্পতি। বাড়িতে পুজো, অভিষেক, হোম-যজ্ঞের পাশাপাশি ‘কন্যা পুজো’র রীতিও মানা হয়েছিল।








