আইনি বিপাকে তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, থানায় অভিযোগ দায়ের

তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। আরজি কর কাণ্ডে নির্যাতিতার নাম উল্লেখের অভিযোগ।

Share:

ব্যুরো নিউজ, ২ জুন ২০২৬ঃ এবার আইনি জটিলতায় জড়ালেন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তাঁর বিরুদ্ধে চারু মার্কেট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী এক আইনজীবী জানিয়েছেন, ২০২৪ সালের আরজি কর কাণ্ডের পর একটি ফেসবুক ভিডিওতে নির্যাতিতার নাম উল্লেখ করেছিলেন রচনা। আইন অনুযায়ী, এই ধরনের ঘটনার ক্ষেত্রে নির্যাতিতার পরিচয় গোপন রাখা বাধ্যতামূলক।

অভিযোগকারীর দাবি, সাংসদ হয়েও রচনা বন্দ্যোপাধ্যায় এই আইন লঙ্ঘন করেছেন। ঘটনার সূত্রপাত আরজি করের ভয়াবহ ঘটনার পর। রাজ্যজুড়ে যখন প্রতিবাদের ঝড় ওঠে, তখন রচনা বন্দ্যোপাধ্যায় একটি ভিডিও পোস্ট করে মেয়েদের নিরাপত্তা নিয়ে সরব হয়েছিলেন। আবেগতাড়িত হয়ে তিনি নির্যাতিতার নাম বলে ফেলেন, যা আইনত দণ্ডনীয়। অভিযোগকারী আইনজীবী জানান, তিনি দেড় বছর আগে তৎকালীন পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জানালেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

বর্তমানে ওই ভিডিওটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ায় তিনি নতুন করে অভিযোগ দায়ের করেছেন এবং অবিলম্বে রচনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। চারু মার্কেট থানার পুলিশ অভিযোগটি গ্রহণ করেছে এবং এফআইআর দায়ের করার বিষয়ে আইনজীবীর সঙ্গে আলোচনা করেছে বলে জানা গেছে। যদিও এই বিষয়ে রচনা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। অভিনয় জগতে ও ‘দিদি নং ১’ অনুষ্ঠানে সঞ্চালিকা হিসেবে জনপ্রিয় হলেও, বর্তমানে এই আইনি অভিযোগ তাঁর ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে।