ব্যুরো নিউজ, ১১ জুন ২০২৬ : শুটিং সেটে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যজনক মৃত্যুতে এবার সরাসরি প্রধানমন্ত্রীর দফতর থেকে পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। সর্বভারতীয় চলচ্চিত্র কর্মী সংগঠনের অভিযোগের ভিত্তিতে এই নির্দেশ জারি করা হয়েছে।
সংগঠনের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত প্রধানমন্ত্রীর দফতরে অভিযোগ জানান যে, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন নিরাপত্তা ব্যবস্থার চরম গাফিলতি এবং একাধিক নিয়ম লঙ্ঘনের জেরেই রাহুলের প্রাণহানি ঘটেছে। এই অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রধানমন্ত্রীর দফতর ওড়িশার মুখ্যমন্ত্রীর দফতর এবং রাজ্যের মুখ্যসচিবকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও ঘটনার পূর্ণাঙ্গ পর্যালোচনার নির্দেশ দিয়েছে। পরবর্তীতে এই নির্দেশ বালেশ্বর জেলার পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে তদন্ত ও পদক্ষেপের জন্য। সংগঠনটি এই ঘটনার তদন্তে একটি বিশেষ অনুসন্ধানকারী দল (SIT) গঠনের দাবি জানিয়েছে।
পাশাপাশি, প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়, প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স এবং সংস্থার সঙ্গে যুক্ত শৈবাল বন্দ্যোপাধ্যায়-সহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি তোলা হয়েছে। তাঁদের বিরুদ্ধে খুন-সহ প্রযোজ্য সমস্ত ফৌজদারি ধারায় মামলা রুজু করার আবেদনও জানানো হয়েছে। সর্বভারতীয় চলচ্চিত্র কর্মী সংগঠনের মতে, নিরাপত্তা বিধি অমান্য করার ফলেই রাহুলকে প্রাণ হারাতে হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, তার জন্য ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সকে ব্ল্যাকলিস্ট করার এবং শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে। এই ঘটনায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে শুটিং সেটে নিরাপত্তা বিধি উপেক্ষা করার প্রবণতা বাড়বে বলে সংগঠন আশঙ্কা প্রকাশ করেছে।








