ব্যুরো নিউজ, ৫ জুন ২০২৬ঃ নিউ আলিপুর থানার হাতে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির পর টলিউডে শুরু হয়েছে জোর চর্চা। তোলাবাজি, শ্লীলতাহানি ও অস্ত্র আইনের মামলায় বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় স্বরূপ বিশ্বাসকে। শুক্রবার তাঁকে আলিপুর আদালতে পেশ করা হয়। এই ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করে অভিনেতা ঋদ্ধি সেন স্বরূপ বিশ্বাসকে তীব্র আক্রমণ করেছেন। ঋদ্ধি তাঁর পোস্টে স্বরূপকে ‘অকিঞ্চিৎকর’ বলে দাগিয়েছেন এবং টলিউডের একাংশকে ‘সুবিধাবাদী’ বলে কটাক্ষ করেছেন।
ঋদ্ধি সেন তাঁর পোস্টে ব্যঙ্গ করে লিখেছেন, “বিশ্বাসবাবু আজকে গুপী হলেন, হওয়ারই কথা, কিন্তু বাঘাদের আনন্দ দেখে বেশ মজা লাগছে।” তিনি আরও উল্লেখ করেছেন, “পরিচিতি শব্দটাই তার সাথে বড়ই অপরিচিত, বেমানান।” ঋদ্ধি স্বরূপের টলিউডে একচ্ছত্র আধিপত্য এবং শিল্পী-কলাকুশলীদের প্রতি তাঁর ব্যবহারের প্রসঙ্গ টেনেছেন। ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার (FCTWEI) প্রাক্তন সভাপতি হিসেবে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ ছিল। অভিনেতা ঋদ্ধি সেন শুধু স্বরূপ বিশ্বাসকেই নয়, তাঁর চারপাশের সেইসব ব্যক্তিদেরও নিশানা করেছেন, যাঁরা রাজনৈতিক ক্ষমতার সুবিধা নিয়েছেন।
ঋদ্ধির কথায়, “বিশ্বাসবাবুর ভয় দেখানোর গল্পটা অনেকটা হরর কমেডির মতো, যার ফলাফল বাংলা চলচ্চিত্র জগতের বক্স অফিসে হয়েছিল সুপারহিট।” তিনি আরও যোগ করেন, “বছরের পর বছর এই হরর কমেডির সিরিজ বানিয়ে যাওয়ার প্রযোজনার দায়িত্ব নিয়েছিলেন আমাদেরই বহু সহকর্মীরা।” ঋদ্ধি স্পষ্ট জানিয়েছেন, লোভের বশবর্তী হয়েই অনেকে স্বরূপকে ক্ষমতা আর অপরাধের ডানা মেলতে সাহায্য করেছেন। এই গ্রেফতারি টলিউডের অন্দরে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে।







