ব্যুরো নিউজ, ২০ আগস্ট ২০২৬: অভিনেত্রী সোহিনী সরকারের জীবনে আসতে চলেছে নতুন অতিথি। খুব শীঘ্রই মা হতে চলেছেন তিনি। এই বিশেষ মুহূর্তকে উদযাপন করতে বুধবার বেলুড়ে তাঁর শ্বশুরবাড়িতে ঘটা করে সাধভক্ষণের আয়োজন করা হয়। এদিন গাঢ় লাল রঙের শাড়িতে সেজেছিলেন হবু মা সোহিনী। তাঁর সিঁথিতে ছিল চওড়া লাল সিঁদুর, কপালে চন্দনের কলকা এবং দু’হাতেও কলকা আঁকা। শাড়ির সঙ্গে মানানসই সোনার গয়না এবং রজনীগন্ধার মালায় তাঁর রূপ যেন আরও ঝলমলে হয়ে উঠেছিল। পঞ্চব্যঞ্জন সাজিয়ে এলাহি আয়োজনে সোহিনীর সাধভক্ষণ সম্পন্ন হয়।
স্বামী শোভন গঙ্গোপাধ্যায়ের হাত থেকে পায়েস ও মিষ্টি খান অভিনেত্রী। উপস্থিত সকলে হবু মা এবং তাঁর অনাগত সন্তানকে প্রাণভরে আশীর্বাদ করেন। এই বিশেষ দিনে সোহিনী জানান, “আজ বিশেষ কিছু বলার দিন নয়, আজ শুধু আদরযত্ন পাওয়ার দিন।” উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ জুলাই শোভনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন সোহিনী। চলতি বছরের জুন মাস থেকেই তাঁর মা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও তারকা দম্পতি এই বিষয়ে প্রকাশ্যে কিছু জানাননি, তবে ঘনিষ্ঠ সূত্রে খবর, বছরের শুরুতেই তাঁরা সন্তান নেওয়ার পরিকল্পনা করেছিলেন।








