ব্যুরো নিউজ, ৬ নভেম্বর ২০২৬: পরিবারের আর্থিক টানাপোড়েন মেটাতে কাপড়ের দোকানে সেলসম্যানের কাজ করেছেন, কখনও বা ক্যাশিয়ার ও টেলিফোন বুথ অপারেটর হিসেবেও সংসার চালিয়েছেন। সেই বিজয় সেতুপতি এবার আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে ভারতীয় চলচ্চিত্রের প্রতিনিধিত্ব করতে চলেছেন। নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে চলা ৫৪তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডে তিনি একজন উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবেন, যা এক ঐতিহাসিক মুহূর্ত। এই সম্মান পাওয়া তিনিই প্রথম ভারতীয়।
আগামী ২৩ নভেম্বর নিউ ইয়র্কে এই অনুষ্ঠান আয়োজিত হবে। বি.কম পড়ার সময় থেকেই ‘মক্কাল সেলভান’ বিজয় সেতুপতিকে নানা রকম কাজ করতে হয়েছে। দুবাইয়ে তিন বছর অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করার পর অভিনয়ের টানে ভারতে ফিরে আসেন তিনি। যোগ দেন একটি নাট্যদলে এবং ছোট ছোট চরিত্রে অভিনয় শুরু করেন। ৩২ বছর বয়সে ‘থেনমেরকু পারুভাকাতরু’ ছবিতে প্রথম প্রধান চরিত্রে সুযোগ পান। ছবিটি জাতীয় পুরস্কার জেতে এবং তাঁর কেরিয়ারে এক নতুন দিগন্ত খুলে দেয়। এরপর ‘নাদুভুলা কোনজাম পাক্কাতা কানম’, ‘সুধু কাভভুম’, ‘পিৎজা’, ‘সুপার ডিলাক্স’, ‘৯৬’ এবং ‘মহারাজা’-র মতো ছবিতে তাঁর অনবদ্য অভিনয় দর্শকদের মন জয় করে নেয়।
শুধু অভিনয় নয়, তাঁর বিনয়ী স্বভাবও তাঁকে সকলের প্রিয় করে তুলেছে। যদিও এর আগে বীর দাস এমি অ্যাওয়ার্ডস সঞ্চালনা করেছেন, তবে বিজয় সেতুপতিই প্রথম ভারতীয় অভিনেতা যিনি উপস্থাপক হিসেবে এই মঞ্চে সম্মানিত হতে চলেছেন। আর্থিক অনটন ও কঠোর পরিশ্রম পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে তাঁর এই উত্থান প্রমাণ করে যে, অধ্যাবসায় ও প্রতিভার মেলবন্ধনে যেকোনো বাধাই অতিক্রম করা সম্ভব।










