ব্যুরো নিউজ, ৬ নভেম্বর ২০২৬: ছত্তিশগড়ের বিজাপুরের কারেগুট্টা পাহাড়ের একটি প্রত্যন্ত অঞ্চলে উদ্ধার হল ৭০০টিরও বেশি বিস্ফোরক ভর্তি ব্যারেল গ্রেনেড লঞ্চার শেল। ছত্তিশগড় পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর কোবরা বাহিনী যৌথ অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে। উদ্ধার হওয়া শেলগুলি অত্যন্ত পুরনো এবং সেগুলিতে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনার সূত্রপাত হয় তারাপাল্লা গ্রামবাসীদের কাছ থেকে পাওয়া একটি তথ্যের ভিত্তিতে। তাঁরা জঙ্গলের মধ্যে একটি পরিত্যক্ত জায়গায় সন্দেহজনক বস্তুর স্তূপ দেখতে পান। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বম্ব ডিসপোজাল স্কোয়াড। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই বিস্ফোরকগুলি বহু বছর ধরে সেখানে পড়েছিল এবং সেগুলি জঙ্গলের গভীরে লুকিয়ে রাখা হয়েছিল। নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, এই শেলগুলি এখনও সক্রিয় থাকতে পারে এবং যে কোনও মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে। তাই উদ্ধার হওয়া বিস্ফোরকগুলি নিষ্ক্রিয় করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই ঘটনায় জঙ্গলের আশেপাশে বসবাসকারী গ্রামবাসীদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশের তরফে তাঁদের আশ্বাস দেওয়া হয়েছে যে, তাঁরা সম্পূর্ণ সুরক্ষিত থাকবেন এবং এই বিষয়ে সম্পূর্ণ তদন্ত করা হবে। এই বিপুল পরিমাণ বিস্ফোরক কারা এবং কী উদ্দেশ্যে সেখানে রেখেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। তবে তদন্তকারীরা প্রাথমিকভাবে অনুমান করছেন এই শেলগুলো মাওবাদীরা হামলার জন্য এই এলাকায় গোপনে সংগ্রহ করেছিল।
প্রসঙ্গত, চলতি বছরের ৩১শে মার্চ ছত্তিশগড়কে ‘মাওবাদী মুক্ত’ ঘোষণা করেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।







