ব্যুরো নিউজ, ২৪শে নভেম্বর ২০২৬ : এশিয়া কাপ রাইজিং স্টার্সের গ্রুপ ম্যাচটি যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে! রবিবার পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে নেমেই ভারত ‘এ’ দলের পেসার হর্ষিত রানা মেজাজ হারান। একের পর এক বিতর্ক, বাকবিতণ্ডা, স্লেজিং ও গালাগালির অভিযোগে এখন ক্রিকেট মহল উত্তাল। পাকিস্তান ‘এ’ দল ম্যাচ রেফারি নাইম-উর-রশিদের কাছে হর্ষিতের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছে। প্রমাণিত হলে কলকাতা নাইট রাইডার্সের এই তারকা পেসারের বড় শাস্তি হতে পারে।
ম্যাচের শুরু থেকেই মাঠে উত্তেজনা ছিল। পাকিস্তানের ওপেনার সাদাকত ও শামিল হুসেন হর্ষিতের বলে চার-ছক্কা হাঁকাতে থাকেন। রান আটকাতে না পেরে হর্ষিত ক্ষুব্ধ হয়ে দুই ওপেনারের সঙ্গে বারবার তর্কে জড়ান এবং কটূ মন্তব্য করেন। তিন নম্বরে নামা রোহাইল নাজ়িরকে আউট করার পরও তাঁকে স্লেজিং করেন। প্রতি বলের পরই তাঁর মন্তব্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, পাকিস্তানের ক্রিকেটাররাও পাল্টা জবাব দেন। শেষে আম্পায়াররা মাঠে নেমে দুই দলের ক্রিকেটারদের শান্ত করেন।
পাকিস্তান ‘এ’ দলের অভিযোগ, হর্ষিত পুরো ম্যাচে অত্যন্ত অশোভন আচরণ করেছেন এবং প্রকাশ্যে গালি দিয়েছেন। ক্রিকেটের নিয়মে শুধু স্লেজিং বড় অপরাধ নয়, তবে উইকেট নিয়ে অশালীন অঙ্গভঙ্গি বা প্রতিপক্ষকে অপমান শাস্তিযোগ্য। ম্যাচ রেফারির শুনানিতে অভিযোগ প্রমাণিত হলে হর্ষিতের বিরুদ্ধে কড়া ব্যবস্থা হতে পারে। শুধু হর্ষিত নন, ভারত ‘এ’ দলের আরও কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধেও অভিযোগ এনেছে পাকিস্তান ‘এ’ দল, যা বিতর্ককে আরও বাড়িয়েছে।
এদিকে মাঠেও হর্ষিতের ছন্দ ছিল না। পাকিস্তানের বিপক্ষে ১০ ওভারে ৭৭ রানে ২ উইকেট, ব্যাটিংয়ে ২ বলে শূন্য রানে আউট। মঙ্গলবার আরব আমিরশাহির বিপক্ষেও ১০ ওভারে ৬৩ রানে ১ উইকেট। এমন হতাশাজনক পারফরম্যান্সের মধ্যেই তাঁর বিরুদ্ধে বিতর্কও জমেছে। অভিযোগের মীমাংসা বা সম্ভাব্য শাস্তি নিয়ে ম্যাচ রেফারির সিদ্ধান্তের দিকেই এখন বিশ্ব ক্রিকেটের নজর।









