আকাশে জ্যোৎস্নার মহোৎসব! হাজির বিরল ‘বিভার সুপারমুন’!

২৪ নভেম্বর রাত ৮টা ২৩ মিনিটে ভারতের আকাশে দেখা যাবে বিভার সুপারমুন। জানুন কেন এই পূর্ণিমা বিশেষ এবং পরের সুপারমুন কবে।

Share:

ব্যুরো নিউজ, ২৪ নভেম্বর ২০২৬: রাতের আকাশে চাঁদের অপরূপ সৌন্দর্য উপভোগ করার সুযোগ হাতছাড়া করবেন না! নভেম্বর মাসের আকাশে দেখা গেল বছরের অন্যতম আকর্ষণীয় মহাজাগতিক ঘটনা ‘বিভার সুপারমুন’ (Beaver Supermoon)। ২৪ নভেম্বর, মঙ্গলবার পূর্ণিমার চাঁদ আরও বড় ও উজ্জ্বল রূপে ধরা দিয়েছে আকাশপ্রেমীদের চোখে।

ভারতীয় সময় রাত ৮টা ২৩ মিনিটে চাঁদ তার পূর্ণতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছয়। তবে বিকেল থেকেই বিভিন্ন জায়গায় চাঁদের উদয় দেখা যায়। আবহাওয়া পরিষ্কার থাকলে দেশের বিভিন্ন প্রান্ত থেকেই এই মনোরম দৃশ্য উপভোগ করা সম্ভব।

কেন এই চাঁদের নাম বিভার মুন? উত্তর আমেরিকার প্রচলিত ঋতুভিত্তিক নামকরণ অনুযায়ী, নভেম্বর মাসে বিভার বা বীভাররা শীতের প্রস্তুতি নিতে বাঁধ তৈরি ও খাবার সংগ্রহে ব্যস্ত থাকে। সেই থেকেই নভেম্বরের পূর্ণিমার নাম হয়েছে বিভার মুন।

এবারের পূর্ণিমা বিশেষ, কারণ এটি একটি সুপারমুন। পৃথিবীর তুলনায় চাঁদ অপেক্ষাকৃত কাছাকাছি অবস্থানে থাকায় স্বাভাবিক পূর্ণিমার তুলনায় কিছুটা বড় ও উজ্জ্বল দেখায় তাকে।

সবচেয়ে আকর্ষণীয় বিষয়, নভেম্বরের পর ডিসেম্বর ও জানুয়ারিতেও পরপর সুপারমুন দেখা যাবে। অর্থাৎ, মহাকাশপ্রেমীদের জন্য অপেক্ষা করছে আরও দুই দফা চাঁদের মহোৎসব!