বিদ্যুৎ নেই, জল নেই, উত্তাপ নেই! রুশ হামলায় অন্ধকারে ডুবছে ইউক্রেন, শীতের মুখে চরম দুর্ভোগে লক্ষ লক্ষ মানুষ

রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড বিধ্বস্ত। দেশজুড়ে বিদ্যুৎ বিভ্রাট, জল ও আলোর অভাব। লক্ষ লক্ষ মানুষ চরম দুর্ভোগে।

Share:

ব্যুরো নিউজ, ১২ নভেম্বর ২০২৬: যুদ্ধের ভয়াবহতা এবার ঘরে ঘরে! রাশিয়ার লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের বিদ্যুৎ পরিকাঠামো কার্যত বিপর্যস্ত। রাজধানী কিয়েভ-সহ দেশের বিস্তীর্ণ এলাকায় চলছে দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট। কোথাও চার-পাঁচ ঘণ্টার বেশি বিদ্যুৎ মিলছে না, আবার কোথাও দিনে প্রায় ২০ ঘণ্টা পর্যন্ত অন্ধকারে থাকতে হচ্ছে বাসিন্দাদের। শীতের শুরুতেই চরম সঙ্কটে লক্ষ লক্ষ ইউক্রেনীয়।

কিয়েভের বাসিন্দা একক মা দারিনা কুলচিৎসকার জীবন এখন কার্যত সময়ের সঙ্গে লড়াই। দুই সন্তানকে খাওয়ানো, পড়াশোনা করানো এবং নিজের কাজ সামলানোর মাঝেই কখন বিদ্যুৎ চলে যাবে, সেই আতঙ্কে থাকতে হচ্ছে তাঁকে। বিদ্যুৎ বন্ধ হলেই থেমে যাচ্ছে লিফট, বন্ধ হচ্ছে জলের পাম্প, অচল হয়ে পড়ছে ওয়াই-ফাই। মোমবাতি ও টর্চের আলোয় রাত কাটছে পরিবারের।

দারিনার ১২ বছরের ছেলে কিরিলের কথায়, “আলো নেই, জল নেই, গরম নেই, বিদ্যুৎ নেই, আনন্দও নেই!”

অন্যদিকে, রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের একটি বড় বিদ্যুৎকেন্দ্র কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কর্মীরা প্রাণের ঝুঁকি নিয়ে সেটি মেরামতের চেষ্টা চালাচ্ছেন। কিন্তু ১৫-৩০ মিনিট অন্তর বিমান হামলার সতর্কবার্তা আসায় কাজ ব্যাহত হচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, বিদ্যুৎ উৎপাদনের পর্যাপ্ত ক্ষমতা থাকলেও ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন ও সাবস্টেশনের কারণে সাধারণ মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছনো কঠিন হয়ে পড়েছে।

শীত যত বাড়বে, পরিস্থিতি তত ভয়াবহ হওয়ার আশঙ্কা। তবুও রুশ আগ্রাসনের সামনে মাথা নত করতে নারাজ ইউক্রেনের সাধারণ মানুষ।