ব্যুরো নিউজ, ৯ জুন ২০২৬ঃ আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া দুর্গাপুজোকে ঘিরে এবার এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন এবং তাঁর স্ত্রী মধুছন্দা সেন-সহ পাঁচজনের বিরুদ্ধে ইউনেস্কোর (UNESCO) নাম ব্যবহার করে পুজোর প্রিভিউ শোয়ের জন্য চড়া দামে টিকিট বিক্রির অভিযোগ উঠেছে। ‘মেঘদূত ফাউন্ডেশন’-এর দুই কর্ণধার জয়দীপ মুখোপাধ্যায় এবং সগুনা মুখোপাধ্যায় সোমবার কলকাতা পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজি এবং বৌবাজার থানায় এই বিষয়ে একটি বিস্তারিত লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারীদের দাবি, সম্পূর্ণ বেআইনিভাবে ইউনেস্কোর লোগো ও নাম ভাঙিয়ে পুজোর আগে প্রিভিউ শোয়ের জন্য ভিআইপি প্রিভিলেজড টিকিট বিক্রি করা হচ্ছিল। অথচ ইউনেস্কো এই ধরনের কোনও বাণিজ্যিক চুক্তিতে জড়ায়নি। নিজেদের দাবির সপক্ষে তারা অফিশিয়াল ইমেল এবং আইনি নথিপত্রও পুলিশের হাতে তুলে দিয়েছেন। অভিযোগপত্রে ইন্দ্রনীল সেন ও মধুছন্দা সেন ছাড়াও ধ্রুবজ্যোতি বসু, সায়ন্তন মৈত্র এবং রাজন চট্টোপাধ্যায় নামে আরও তিন ব্যক্তির নাম রয়েছে।
অভিযোগকারীদের মতে, দুর্গাপুজোর হেরিটেজ স্বীকৃতির পর কিছু অসাধু ব্যক্তি একে মুনাফার হাতিয়ার বানাতে চাইছে। মন্ত্রী ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রীর ছত্রছায়ায় এই অবৈধ বাণিজ্য চক্র গড়ে উঠেছিল বলে অভিযোগ। পুজো মণ্ডপে সাধারণ মানুষের ভিড় হওয়ার আগেই ‘প্রিভিলেজড এন্ট্রি’ বা আগাম ঠাকুর দেখার টিকিট বিক্রি করে বিপুল টাকা তোলার ছক কষা হয়েছিল। লালবাজার এই অভিযোগের সত্যতা যাচাই করতে নেমেছে।







