ব্যুরো নিউজ, ২ জুন ২০২৬ঃ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই তৃণমূল কংগ্রেসের অন্দরে অসন্তোষ ক্রমশ প্রকট হচ্ছে। দলীয় স্তরে একাধিক বিতর্ক ও পদত্যাগের আবহের মধ্যেই এবার কলকাতা পুরসভাতেও নতুন করে চাপ বাড়ল শাসক শিবিরের উপর। সূত্রের খবর, কলকাতা পুরসভার এক গুরুত্বপূর্ণ মেয়র পারিষদ মঙ্গলবার নিজের পদ থেকে সরে দাঁড়াতে চলেছেন।
গত কয়েক সপ্তাহে কলকাতা পুরসভার একাধিক পদাধিকারী ইতিমধ্যেই দায়িত্ব ছেড়েছেন। প্রথমে ৯ নম্বর বরোর চেয়ারপার্সন দেবলীনা বিশ্বাস, এরপর ১২ নম্বর বরোর চেয়ারম্যান সুশান্ত ঘোষ এবং মিউনিসিপাল অ্যাকাউন্টস কমিটির সদস্য অরূপ চক্রবর্তী ইস্তফা দেন। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরও একটি গুরুত্বপূর্ণ নাম, যা নিয়ে জল্পনা তুঙ্গে।
রাজ্যজুড়ে রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে যথেষ্ট উত্তপ্ত। দলবিরোধী কার্যকলাপের অভিযোগে উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে সাসপেন্ড করেছে তৃণমূল। সই জালিয়াতি বিতর্কও দলের অস্বস্তি বাড়িয়েছে।
ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, বিরোধী দলনেতা নির্বাচনের জন্য বিধায়কদের সই জাল করা হয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই অভিযোগ সমর্থন করেছেন। এই পরিস্থিতিতে কলকাতা পুরসভার আরও এক পদাধিকারীর পদত্যাগের সম্ভাবনা তৃণমূলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। দলের অভ্যন্তরীণ টানাপোড়েন কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না, বরং তা আরও গভীর হচ্ছে।








