দুর্গাপুজোয় কলকাতায় মোদী-শাহ-রাজনাথ, ষষ্ঠী-সপ্তমীতে অঞ্জলি দেবেন প্রধানমন্ত্রী!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ ও রাজনাথ সিং দুর্গাপুজোয় কলকাতায় আসছেন। ষষ্ঠী-সপ্তমীতে অঞ্জলি দিতে পারেন প্রধানমন্ত্রী। পুজোকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার পরিকল্পনা বিজেপির।

Share:

ব্যুরো নিউজ, ২ জুন ২০২৬ঃ দিল্লির রাজনৈতিক মহলে এখন থেকেই গুঞ্জন, আসন্ন দুর্গাপুজোয়  একঝাঁক কেন্দ্রীয় হেভিওয়েট নেতা কলকাতায় আসতে চলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং  ষষ্ঠী ও সপ্তমীর দিনগুলিতে শহরে সময় কাটাতে পারেন।

সূত্রের খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী কলকাতার কোনও একটি বিখ্যাত মণ্ডপে উপস্থিত হয়ে অঞ্জলিও দিতে পারেন। উৎসবের এই আন্তর্জাতিক আবহেও পুজোর আদি ও সনাতন রীতিনীতিতে কোনও রকম বদল আনা হবে না বলে বিজেপি নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছেন। বিগত কয়েক বছর ধরে উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের  পুজোর উদ্বোধনে অমিত শাহকে দেখা গিয়েছে।

এই প্রসঙ্গে ওই পুজোর অন্যতম প্রধান কর্মকর্তা তথা বিজেপি বিধায়ক সজল ঘোষ জানান, দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। বাংলায় নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হওয়ার পর প্রধানমন্ত্রী যদি শহরের পুজোর উদ্বোধন করতে আসেন, তবে তাতে অবাক হওয়ার কিছু নেই। বাংলার পুজোকে আন্তর্জাতিক আঙিনায় আরও বড় আকারে মেলে ধরতে এবার একটি বিশেষ রূপরেখা তৈরি করছে বিজেপি।

এই কাজে ‘ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপি’ নামক শাখা সংগঠনটিকে যুক্ত করা হতে পারে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা এই শক্তিশালী নেটওয়ার্ককে কাজে লাগিয়েই বিভিন্ন দেশের খ্যাতনামা ব্যক্তিত্ব, আন্তর্জাতিক স্তরের তারকা এবং রাষ্ট্রনেতাদের পুজো উপলক্ষে বাংলায় নিয়ে আসার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে পদ্ম শিবিরের।

গত ২০২৫ সালে দিল্লিতে বাঙালি পাড়ায় পুজো কাটিয়েছিলেন নরেন্দ্র মোদী। এবার ২০২৬-এ দুর্গাপুজোর আসল ‘মক্কা’ কলকাতায় প্রধানমন্ত্রীর আসা নিয়ে ইতিমধ্যেই আমবাঙালির মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার প্রতিষ্ঠার পর, এবারের দুর্গাপুজোকে এক সম্পূর্ণ অন্য মাত্রায় নিয়ে যেতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব। ইউনেসকো (UNESCO) কলকাতার দুর্গাপুজোকে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি’-র তকমা দিয়েছে। এই উৎসব সর্বোচ্চ জাতীয় ও আন্তর্জাতিক মর্যাদা পাক, এমনটাই ইচ্ছা পুজো উদ্যোক্তাদের একাংশের।