ব্যুরো নিউজ, ৯ জুন ২০২৬ঃ রাজনৈতিক মহলে জোর জল্পনা, এবার কি তৃণমূল কংগ্রেস ছাড়ছেন যাদবপুরের তারকা সাংসদ সায়নী ঘোষ? সম্প্রতি ২০ জন ‘বিদ্রোহী’ সাংসদের লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লেখার পর থেকেই এই গুঞ্জন তুঙ্গে উঠেছে। যদিও সায়নী ঘোষের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসে সায়নী ঘোষের সাংগঠনিক দায়িত্ব বৃদ্ধি পায়।
এরপর ২০২৪ সালের লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে জয়লাভ করে তিনি নিজের রাজনৈতিক অবস্থান আরও দৃঢ় করেন। তাঁর চালচলন ও বেশভূষায় অনেক সময়েই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া দেখা যায়, যে কারণে তাঁকে মমতার ‘রেপ্লিকা’ বলেও অনেকে অভিহিত করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবেও তিনি পরিচিত। তবে সম্প্রতি যাদবপুর স্টেশন চত্বরে হকার উচ্ছেদ নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন।
তাঁর এই অবস্থানকে অনেকেই তৃণমূলের বর্তমান নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন। এই পরিস্থিতিতেই তাঁর দল ছাড়ার জল্পনা নতুন মাত্রা পেয়েছে। তৃণমূলের অন্দরে ভাঙন স্পষ্ট হওয়ায়, সায়নীর মতো হেভিওয়েট নেতার দলত্যাগ করলে তা দলের জন্য বড় ধাক্কা হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এখন দেখার, তিনি কোন পথে হাঁটেন।







