ব্যুরো নিউজ, ১১ জুন ২০২৬ : হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি হল অম্বুবাচী। প্রতি বছর আষাঢ় মাসে এই উৎসব পালিত হয়। ২০২৬ সালের অম্বুবাচী তিথি শুরু হচ্ছে ২২ জুন সোমবার এবং শেষ হচ্ছে ২৬ জুন শুক্রবার।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, তিথি শুরু হবে ২২ জুন রাত ৭টা ৩৮ মিনিটে এবং শেষ হবে ২৬ জুন রাত ১০টা ৫৭ মিনিটে। বাংলা ক্যালেন্ডার অনুসারে, ৬ আষাঢ় থেকে ১০ আষাঢ় পর্যন্ত এই তিথি পালিত হবে। লোকবিশ্বাস অনুযায়ী, অম্বুবাচীর সময় ধরিত্রী মাতাকে ঋতুমতী মনে করা হয়। আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের নির্দিষ্ট পর্যায়ে পৃথিবীর উর্বরতা সূচনা হয়, যা নতুন ফসল ও জীবনের প্রতীক। তাই এই তিথি প্রকৃতি ও সৃষ্টির সঙ্গে গভীরভাবে যুক্ত। অম্বুবাচী উপলক্ষে অসমের কামাখ্যা মন্দিরে বিশাল উৎসবের আয়োজন করা হয়।
এই সময় দেবী কামাক্ষা ঋতুমতী অবস্থায় থাকেন বলে বিশ্বাস করা হয় এবং মন্দিরের গর্ভগৃহ নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু-সন্ন্যাসী ও ভক্তরা এই উৎসবে যোগ দেন। অম্বুবাচীর এই তিনদিন কিছু নিয়ম মেনে চলতে হয়। শুভ কাজ, গাছ লাগানো বা উপড়ে ফেলা, কৃষিকাজ এবং মাটি খোঁড়া নিষিদ্ধ। ব্রহ্মচারী, সাধু-সন্ন্যাসী ও বিধবা মহিলারা এই সময় আগুনে রান্না করা খাবার পরিহার করে ফলমূল খেয়ে থাকেন। তিথি শেষ হলে মাঙ্গলিক অনুষ্ঠান ও চাষাবাদ শুরু হয়। অম্বুবাচী প্রকৃতির সৃষ্টি ও মাতৃত্বের এক বিশেষ প্রতীক।








