মুম্বইয়ে নামতে গিয়েও সুরাটে বিমান! আতঙ্কিত অনুপম খের

গোয়া থেকে মুম্বই যাওয়ার পথে অনুপম খেরের Air India AI 2842 উড়ান সুরতে ঘুরিয়ে দেওয়া হয়। ইনস্টাগ্রামে অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেতা।

Share:

ব্যুরো নিউজ, ২৪ নভেম্বর ২০২৬: মাঝ আকাশে দীর্ঘক্ষণ অপেক্ষা, বারবার অবতরণের চেষ্টা, শেষ পর্যন্ত গন্তব্য বদলে সুরাট! এমনই এক অস্বস্তিকর বিমানযাত্রার অভিজ্ঞতার কথা সমাজমাধ্যমে ভাগ করে নিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। মুম্বইগামী বিমানে এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে রীতিমতো আতঙ্কিত অভিনেতা। নিজেকে ‘নার্ভাস ফ্লায়ার’ বলেও উল্লেখ করেছেন তিনি।

গোয়া থেকে এয়ার ইন্ডিয়ার ২৮৪২ নম্বর বিমানে মুম্বই ফিরছিলেন অনুপম। অবতরণের ঠিক আগে বিমানটি ফের আকাশে উঠে যায়। বেশ কিছুক্ষণ অপেক্ষা ও চক্কর কাটার পর পাইলট জানান, জ্বালানির সীমাবদ্ধতার কারণে আর অপেক্ষা করা সম্ভব নয়। নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানটি গুজরাটের সুরাটে ঘুরিয়ে দেওয়া হয়। সেখানে প্রায় দেড় ঘণ্টা অপেক্ষার পর ফের মুম্বইয়ের উদ্দেশে রওনা দেয় বিমানটি।

সমাজমাধ্যমে একটি ভিডিয়ো শেয়ার করে অনুপম জানান, গত দু’বছরে মুম্বইয়ে অবতরণের সময় এমন অভিজ্ঞতা তাঁর চতুর্থবার। তিনি স্পষ্ট করেছেন, এর জন্য পাইলট বা বিমানসংস্থাকে দায়ী করছেন না। তবে মুম্বইয়ে দুটি বিমানবন্দর থাকা সত্ত্বেও কেন বিমান চলাচলের ভিড় সামলানোর আরও ভালো ব্যবস্থা করা যাচ্ছে না, সেই প্রশ্ন তুলেছেন।

অভিনেতার কথায়, আগে শুধু বিমান ওড়ার সময় ভয় লাগত, এখন অবতরণের সময়ও উদ্বেগ তৈরি হয়। তাঁর এই অভিজ্ঞতা ঘিরে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।