ব্যুরো নিউজ, ১৬ নভেম্বর ২০২৬: গোয়া মানেই সমুদ্রের নীল জল, সোনালি বালি, বিচ পার্টি আর পর্যটকদের ভিড়! কিন্তু এবার সেই পরিচিত ছবিতে বদল আসার সম্ভাবনা। সামুদ্রিক কচ্ছপের প্রজনন ও বাসস্থান রক্ষায় গোয়ার ২৪টি সৈকতকে কচ্ছপের বাসা বাঁধার সংরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত করার প্রস্তাব দিয়েছে রাজ্যের বন দফতর। আর এই তালিকায় রয়েছে পর্যটকদের অত্যন্ত জনপ্রিয় বাগা, কালাঙ্গুট ও পালোলেমের মতো সৈকতও।
প্রস্তাব অনুযায়ী, উত্তর গোয়ার ১০টি এবং দক্ষিণ গোয়ার ১৪টি সৈকতকে ২০১৯ সালের কোস্টাল রেগুলেশন জোন (CRZ) বিজ্ঞপ্তির আওতায় কচ্ছপের বাসা বাঁধার এলাকা হিসেবে অন্তর্ভুক্ত করার আবেদন জানানো হয়েছে। মূল লক্ষ্য অলিভ রিডলে প্রজাতির সামুদ্রিক কচ্ছপের প্রজননস্থল রক্ষা করা।
প্রস্তাবিত তালিকায় উত্তর গোয়ার মোরজিম, মান্দ্রেম, ভ্যাগাটর, কালাঙ্গুট, ক্যান্ডোলিম, কেরি, মিরামার, আশভেম, বাগা ও আরামবোল রয়েছে। দক্ষিণ গোয়ার তালিকায় রয়েছে পালোলেম, আগোন্ডা, গালগিবাগ, কোলাসহ একাধিক সৈকত।
এই প্রস্তাব কার্যকর হলে কচ্ছপের ডিম পাড়ার মরশুমে সৈকতে কৃত্রিম আলো, বিচ শ্যাক, অনুষ্ঠান, গাড়ি চলাচল এবং রাতের বেলার অন্যান্য কার্যকলাপের উপর কড়াকড়ি হতে পারে। তবে এখনই পর্যটকদের জন্য কোনও নিষেধাজ্ঞা জারি হয়নি। প্রস্তাবটি এখনও সংশ্লিষ্ট পরিবেশ দফতরের বিবেচনাধীন।
কেন এই উদ্যোগ? বন দফতরের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক মরশুমে অলিভ রিডলে কচ্ছপের বাসা ও ডিমের সংখ্যা কমেছে। গোয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্রজননস্থল মোরজিম সৈকতে এবার ৮৩টি বাসা থেকে ৮,৫৯৯টি ডিম পাওয়া গিয়েছে এবং এখনও পর্যন্ত ৭,৫৭৮টি বাচ্চা সমুদ্রে ছাড়া হয়েছে।
পর্যটন ও পরিবেশের মধ্যে ভারসাম্য বজায় রাখতেই এই উদ্যোগ। এখন দেখার, গোয়ার জনপ্রিয় সৈকতগুলির পর্যটন ব্যবস্থায় শেষ পর্যন্ত কতটা বদল আসে!









