দীর্ঘায়ুর রহস্য বিক্রি করছেন কোটিপতি ব্রায়ান!

দীর্ঘ জীবনের রহস্য বিক্রি করছেন ব্রায়ান জনসন। তার বিশেষ ডায়েট ও জীবনযাত্রা নিয়ে জানুন। সুস্থ জীবনের চাবিকাঠি কি আপনার খাবারেই?

Share:

ব্যুরো নিউজ, ১৮ নভেম্বর ২০২৬: দীর্ঘদিন বাঁচতে চান? বার্ধক্যকে দূরে সরিয়ে রাখতে চান? সেই স্বপ্নকেই এবার ব্যবসায়িক মডেলে পরিণত করছেন মার্কিন প্রযুক্তি উদ্যোগপতি ব্রায়ান জনসন! তাঁর দাবি, বিশেষ খাদ্যাভ্যাস ও জীবনযাপনের নিয়ম মেনে শরীরের বয়স বাড়ার গতি কমানো সম্ভব। আর সেই পদ্ধতির নাম ‘ব্লুপ্রিন্ট’ (Blueprint)।

ব্রায়ানের এই বিশেষ ডায়েটে রয়েছে ডাল, বিভিন্ন ধরনের সবজি, বেরি, বাদাম, বীজ এবং এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। তাঁর জনপ্রিয় ‘সুপার ভেজি’ পদে থাকে ব্রকলি, ফুলকপি, কালো মসুর ডাল, মাশরুম, রসুন ও আদা। অন্যদিকে, অতিরিক্ত চিনি, ভাজাভুজি এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলেন তিনি।

এ বার সেই খাদ্যাভ্যাসের অনুকরণে তৈরি খাবার সাধারণ মানুষের কাছেও পৌঁছে দিতে উদ্যোগী হয়েছেন ব্রায়ান। একটি খাবার সরবরাহকারী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে তাঁর ডায়েট-অনুপ্রাণিত মিল বাজারে আনার পরিকল্পনা করেছেন তিনি। প্রতি পরিবেশনের দাম প্রায় ১৪ ডলার। মেনুতে রয়েছে স্যামন মাছ, কেল শাকের স্যালাড এবং তাঁর পরিচিত ‘সুপার ভেজি’ পদ।

তবে বিশেষজ্ঞদের সতর্কবার্তাও রয়েছে। ব্রায়ানের ব্যক্তিগত খাদ্যাভ্যাস বা ব্লুপ্রিন্ট যে মানুষের আয়ু বাড়াবেই, এমন কোনও নিশ্চিত বৈজ্ঞানিক প্রমাণ এখনও নেই। দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য সুষম খাবার, নিয়মিত শরীরচর্চা এবং পর্যাপ্ত ঘুমই সবচেয়ে গুরুত্বপূর্ণ।