রাজকীয় প্রোটোকল ছেড়ে গলির ক্রিকেটে উইলিয়াম-কেট! চুমুক দিলেন মাটির ভাঁড়ের চায়েও

মুম্বইয়ে 'লোকাল' মেজাজে প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন। ক্রিকেট খেললেন, চা পান করলেন, মুগ্ধ হলেন ভারতীয় হস্তশিল্পে। রাজকীয় সফর ছুঁয়ে গেল সাধারণের মন।

Share:

ব্যুরো নিউজ, ১৬ নভেম্বর ২০২৬: রাজকীয় আড়ম্বর সরিয়ে রেখে একেবারে আটপৌরে মুম্বইয়ের রাস্তায় ব্রিটেনের যুবরাজ উইলিয়াম ও রাজবধূ কেট মিডলটন! কোথাও গলির ক্রিকেটে ব্যাট হাতে মেতে উঠলেন, কোথাও আবার মাটির ভাঁড়ে চুমুক দিলেন ধোঁয়া ওঠা চায়ে। সঙ্গে ক্রিকেটের ঈশ্বর শচীন তেন্ডুলকর! ভারতের তিন দিনের সফরের প্রথম দিনেই তাঁদের এমন দেশি মেজাজ মন জয় করেছে নেটিজেনদের।

সোমবার মুম্বইয়ের বলার্ড এস্টেটে স্থানীয় স্কুলছাত্রীদের সঙ্গে গলি ক্রিকেট খেলেন রাজদম্পতি। তাঁদের সঙ্গে ছিলেন কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকর। ব্যাট হাতে মাঠে নামেন উইলিয়াম, এমনকী কেটও নিজের ক্রিকেট প্রতিভা দেখানোর সুযোগ হাতছাড়া করেননি। ঢোল-তাশার তালে তাঁদের স্বাগত জানানো হয়।

এরপর বিশাল বটগাছের নীচে রাস্তার ধারের একটি চায়ের দোকানে থামেন তাঁরা। সেখানে স্থানীয় বিক্রেতা মনোজের তৈরি মাটির ভাঁড়ে পরিবেশন করা হয় মুম্বইয়ের বিখ্যাত ‘কাটিং চা’। চায়ের স্বাদ এতটাই পছন্দ হয় যে দোকানিকে প্রশংসাও করেন উইলিয়াম ও কেট। সাধারণ এক চায়ের দোকানে রাজদম্পতির এই উপস্থিতি স্থানীয়দের কাছে হয়ে ওঠে স্মরণীয় মুহূর্ত।

এই সফরে ভারতীয় সংস্কৃতি, স্থানীয় জীবনযাত্রা ও ঐতিহ্যবাহী শিল্পের সঙ্গে পরিচিত হওয়ার বিষয়টিও বিশেষ গুরুত্ব পাচ্ছে। বলার্ড এস্টেটের ঐতিহাসিক পরিবেশ এবং স্থানীয় মানুষের সঙ্গে তাঁদের এই আন্তরিক যোগাযোগ সফরকে দিয়েছে অন্য মাত্রা।

উল্লেখ্য, ১৭ নভেম্বর মুম্বইয়ে অনুষ্ঠিত হতে চলেছে ষষ্ঠ Earthshot Prize-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পরিবেশ রক্ষায় অভিনব উদ্যোগ ও সমাধানকে স্বীকৃতি দিতে ২০২০ সালে এই পুরস্কার চালু করেন প্রিন্স উইলিয়াম। পাঁচটি বিজয়ী প্রকল্প প্রত্যেকে পাবে ১০ লক্ষ পাউন্ড করে। তিন দিনের ভারত সফর শেষে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে রাজদম্পতির।

২০১৬ সালের পর এটি উইলিয়াম ও কেটের দ্বিতীয় সরকারি ভারত সফর। রাজকীয় সফরের আনুষ্ঠানিকতার বাইরে মুম্বইয়ের ক্রিকেট, চা এবং স্থানীয় সংস্কৃতির স্বাদ নেওয়ার এই মুহূর্ত ইতিমধ্যেই নজর কেড়েছে।