ব্যুরো নিউজ, ৫ জুলাই ২০২৬ঃ অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দেওয়া মহামূল্যবান উপহার ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। দেশের প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এস. লক্ষ্মীনারায়ণের বিস্ফোরক দাবি, ২০২৪ সালের এপ্রিল মাসে তাঁর পরিবারের পক্ষ থেকে রাম মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায়ের হাতে যে সোনা মোড়ানো রামচরিতমানস তুলে দেওয়া হয়েছিল, বর্তমানে তার কোনও খোঁজ মিলছে না। এই ঘটনা ঘিরে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে।
লক্ষ্মীনারায়ণের অভিযোগ, বহুবার ট্রাস্টের কাছে এই বিষয়ে জানতে চাইলেও কোনও সন্তোষজনক উত্তর মেলেনি। তাঁর প্রয়াত মায়ের ভক্তি স্মরণ করে ১৪৭ কেজি ওজনের এই রামচরিতমানস তৈরি করানো হয়েছিল, যাতে ১০,৯০২টি শ্লোক খোদাই করা ছিল। এর ৫২২টি পৃষ্ঠায় খাঁটি সোনার প্রলেপ ছিল, যার আনুমানিক বাজার মূল্য সাড়ে চার থেকে পাঁচ কোটি টাকা। প্রাক্তন স্বরাষ্ট্র সচিব আরও জানিয়েছেন, উপহারটি রাম মন্দিরের গর্ভগৃহে রাখার কথা বলা হলেও, তাঁকে কোনও রসিদ দেওয়া হয়নি। প্রথমদিকে গ্রন্থটি গর্ভগৃহের সামনে রাখা হলেও, কিছুদিনের মধ্যেই সেটি সরিয়ে ফেলা হয়। এরপর তিনি একাধিকবার অযোধ্যা গিয়ে, চিঠি লিখে এবং ট্রাস্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনও স্পষ্ট তথ্য পাননি।
রসিদের জন্য চম্পত রায়ের সঙ্গে দেখা করতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও শুধু আশ্বাসই মিলেছে। এমনকি, আরএসএস প্রধান ডঃ মোহন ভাগবতের হস্তক্ষেপ চেয়েও কোনও সুরাহা হয়নি। এই মহামূল্যবান ভক্তির উপহার এভাবে গায়েব হয়ে যাওয়ায় ট্রাস্টের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। সম্প্রতি রাম মন্দিরের দানবাক্স থেকে অর্থ তছরুপের অভিযোগের তদন্তে এসআইটি গঠনের আবহে এই নতুন অভিযোগ বিতর্কের আগুনে ঘি ঢেলেছে।








