ব্যুরো নিউজ, ৪ জুলাই ২০২৬ঃ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদার উপর বড় অঙ্কের আর্থিক জরিমানা আরোপ করেছে। নিয়ম লঙ্ঘনের দায়ে ব্যাঙ্কটিকে ৬৩.৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে, জিআইসি হাউজিং ফাইন্যান্সের উপরও ৩.১ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। আরবিআই একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে যে, এই পদক্ষেপ শুধুমাত্র নিয়ন্ত্রক ঘাটতির কারণে নেওয়া হয়েছে, অর্থাৎ ব্যাঙ্কটি নির্দিষ্ট কিছু নিয়মাবলী মানতে ব্যর্থ হয়েছে।
আরবিআই-এর এই সিদ্ধান্তে ব্যাঙ্ক অফ বরোদার গ্রাহকদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও, রিজার্ভ ব্যাঙ্ক স্পষ্ট জানিয়েছে যে, এই জরিমানা গ্রাহকদের লেনদেন বা তাঁদের অ্যাকাউন্টের সুরক্ষাকে কোনোভাবেই প্রভাবিত করবে না। গ্রাহকদের টাকা সম্পূর্ণ সুরক্ষিত আছে। আরবিআই ৩১ মার্চ, ২০২৫ তারিখ পর্যন্ত ব্যাঙ্ক অফ বরোদার আর্থিক অবস্থা পরীক্ষা করে এই সিদ্ধান্ত নিয়েছে। তদন্তে দেখা গেছে, ব্যাঙ্ক অফ বরোদা কিছু ঋণ অ্যাকাউন্টে নির্ধারিত সুদের হারের চেয়ে বেশি সুদ ধার্য করেছে, যা ঋণদাতাদের জন্য ন্যায্য অনুশীলন বিধির (Fair Practices Code) সরাসরি লঙ্ঘন।
এছাড়াও, ব্যাঙ্কটি কিছু গ্রাহকের কেওয়াইসি রেকর্ড নির্ধারিত সময়সীমার মধ্যে কেন্দ্রীয় কেওয়াইসি রেকর্ড রেজিস্ট্রিতে আপলোড করতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে, জিআইসি হাউজিং ফাইন্যান্স তার গ্রাহকদের অ্যাকাউন্টের ঝুঁকির বিভাগ সময়মতো পর্যালোচনা করেনি, যা আরবিআই-এর নিয়ম অনুযায়ী প্রতি ছয় মাস অন্তর করা বাধ্যতামূলক। এই সকল নিয়ম লঙ্ঘনের জন্যই আরবিআই এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।








