বুলেট ট্রেনে ৪ ঘণ্টা ৪১ মিনিটেই দিল্লি! বিহারের হাইস্পিড রেল প্রকল্প নিয়ে বড় খবর

বিহারের পাটনা থেকে বুলেট ট্রেনে মাত্র ৪ ঘণ্টা ৪১ মিনিটেই দিল্লি পৌঁছানো যাবে। হাইস্পিড রেল করিডোর নিয়ে বড় খবর, যা যোগাযোগ ব্যবস্থায় আনবে বিপ্লব।

Share:

ব্যুরো নিউজ, ৪ জুলাই ২০২৬ঃ কেন্দ্রীয় সরকার দেশের সাতটি রুটে হাই স্পিড রেল করিডোর তৈরির প্রস্তাব দিয়েছে, এবং সেই প্রতিশ্রুতি পূরণে রেল বদ্ধপরিকর। একে একে বিভিন্ন বুলেট ট্রেন করিডরের কাজ শুরু হয়েছে। শিলিগুড়ি-বারাণসী এবং দিল্লি-বারাণসীর মতো প্রকল্পগুলির তথ্য ইতিমধ্যেই সামনে এসেছে। এবার বিহারের পাটনা থেকে দিল্লি পর্যন্ত বুলেট ট্রেন প্রকল্প নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর জানা গেছে। শোনা যাচ্ছে, বিহারের এই হাইস্পিড রেল করিডোরে একবার বুলেট ট্রেন পরিষেবা চালু হয়ে গেলে বিহারের যাত্রীরা মাত্র ৪ ঘণ্টা ৪১ মিনিটেই দিল্লিতে পৌঁছে যেতে পারবেন। বর্তমানে সাধারণ এক্সপ্রেস ট্রেনে পাটনা থেকে দিল্লি যেতে প্রায় ১৩ ঘণ্টা ১৫ মিনিট সময় লাগে, যা বুলেট ট্রেন চালু হলে একপ্রকার চোখের নিমেষে কমে যাবে।

এই চার হাজার কিলোমিটার বিস্তৃত হাইস্পিড রেল করিডোরের একটি বড় অংশ হল বিহার-দিল্লি করিডোর। এর হাত ধরে পাটনা থেকে মাত্র ৫০ মিনিটে বারাণসী এবং ২ ঘণ্টা ৫ মিনিটে শিলিগুড়ি পৌঁছানো যাবে। ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড এবং রেল মন্ত্রকের তত্ত্বাবধানে বিহারে অন্তত ৪০০ কিলোমিটার অংশে হাই স্পিড রেল ট্র্যাক বসানো হবে। এর ফলে বিহারের সঙ্গে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং দিল্লির যোগাযোগ আরও মসৃণ হবে। প্রাথমিকভাবে বিহারে পাটনা, বক্সার এবং কাটিহারের মতো স্টেশনগুলি তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার মনে করে, এই বুলেট ট্রেন করিডোর যাত্রীদের বিমান ভ্রমণের একটি কার্যকর বিকল্প হতে পারে।