ব্যুরো নিউজ, ৮ জুলাই ২০২৬ : দীর্ঘ এক বছর পর অবশেষে দেশে ফিরলেন বীরভূমের বাসিন্দা সুইটি বিবি, তাঁর দুই নাবালক সন্তান এবং সোনালি খাতুনের স্বামী দানিশ শেখ। বুধবার দুপুরে মালদার ইংরেজবাজার ব্লকের মহদিপুর ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সীমান্ত দিয়েই এই চারজনকে ফিরিয়ে আনার ব্যবস্থা করে প্রশাসন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বছর ২২ জুন দিল্লিতে ফেরিওয়ালার কাজ করতে গিয়ে বাংলা ভাষায় কথা বলার অভিযোগে দিল্লি পুলিশের হাতে ধরা পড়েছিলেন সোনালি বিবি, তাঁর স্বামী দানিশ শেখ, প্রতিবেশী আত্মীয় সুইটি বিবি এবং তাঁর দুই নাবালক ছেলে। এরপর তাঁদের দিল্লি থেকে অসমে নিয়ে যাওয়া হয় এবং অসম সীমান্ত দিয়েই তাঁদের বাংলাদেশে ‘পুশব্যাক’ করা হয়। ঘটনাটি জানতে পেরে বীরভূম জেলার পাইকর গ্রামের সুইটি বিবি ও সোনালি বিবির পরিবার প্রথমে হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। আইনি লড়াইয়ের পর গত বছর ডিসেম্বর মাসে সোনালি বিবিকে ভারতীয় নাগরিকত্বের তকমা দিয়ে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করে রাজ্য প্রশাসন। এরপর বাকি তিনজনকে বাংলাদেশের জেল থেকে ছাড়ানোর জন্যও মরিয়া হয়ে ওঠে পরিবার।
সুইটি বিবির ভাই আমির খান জানান, সুপ্রিম কোর্ট চলতি বছরের ২২ জুন তাঁদের বাংলাদেশ থেকে ফিরিয়ে আনার নির্দেশ দেয়। দীর্ঘ প্রতীক্ষার পর দেশে ফিরতে পেরে তাঁরা অত্যন্ত আনন্দিত। মালদা সীমান্ত দিয়ে ফিরে আসার পর জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তাঁদের বীরভূমে পাঠানোর জন্য গাড়ির ব্যবস্থা করা হয়।








