ব্যুরো নিউজ, ১০ জুলাই ২০২৬ঃ চিনের ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরে একটি বহুতল জুতো কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে (ভারতীয় সময়) এই ঘটনা ঘটে। জিনজিয়াং শহরটি গোটা বিশ্বে ‘স্পোর্টস শু’র রাজধানী’ নামে পরিচিত। এই ঘটনায় ক্রীড়া জগৎ সহ বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। চিনের সংবাদ সংস্থা জিনহুয়া জানিয়েছে, জিনজিয়াংয়ের এই বিখ্যাত জুতো কারখানায় আগুন লাগার পর বহুতলটির একাধিক তলায় দ্রুত তা ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে অনেক শ্রমিক-কর্মচারী উঁচু তলা থেকে ঝাঁপ দেন, যার ফলেও বেশ কয়েকজনের মৃত্যু হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, ধ্বংসস্তূপ থেকে ২৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আহত হয়েছেন আরও অনেকে। প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করছে, কারখানার নিচতলায় মজুত রাসায়নিক পদার্থ থেকে আগুনের সূত্রপাত হয়েছিল, যা দ্রুত গোটা ভবনে ছড়িয়ে পড়ে। উদ্ধার কাজে প্রায় ২০০ জনের একটি দল নামানো হয়েছিল, কিন্তু আগুনের ভয়াবহতার কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়। জিনজিয়াং শহর বিশ্বের মোট জুতোর প্রায় ২০ শতাংশ উৎপাদন করে। ফুটবল বিশ্বকাপ চলাকালীন এই মর্মান্তিক ঘটনা ক্রীড়াপ্রেমীদেরও মর্মাহত করেছে।








