ব্যুরো নিউজ, ৯ জুলাই ২০২৬: বাবার ১০ কোটি টাকার সম্পত্তির লোভে সুপারি কিলার দিয়ে নিজের মাকেই পৃথিবী থেকে সরিয়ে দিল এক তরুণী। রাজস্থানের জয়পুরে ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। পুলিশি তদন্তে উঠে এসেছে, বাবার সরকারি চাকরি ও বিপুল সম্পত্তি একা ভোগ করার উদ্দেশ্যেই মেয়ে আয়ুষী শর্মা এই নৃশংস পরিকল্পনা করে।
পুলিশ সূত্রে খবর, বছরখানেক আগে আয়ুষীর বাবা বিজয় শর্মার মৃত্যুর পর তাঁর সরকারি চাকরিটি পান মা নীরজ শর্মা। বাবার চাকরি নিজে না পেয়ে এবং ১০ কোটি টাকার সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় আয়ুষী মায়ের উপর আক্রোশ পুষতে শুরু করে। নীরজ শর্মার একজন বিশেষভাবে সক্ষম ছেলেও ছিল, যার দেখভাল করতেন তিনি। বাবার রেখে যাওয়া বিপুল সম্পত্তি সম্পূর্ণ নিজের দখলে আনতে আয়ুষী কাকা এবং খুড়তুতো ভাই বলরামকে সঙ্গে নিয়ে মাকে খুনের ছক কষে। তাদের ১০ কোটি টাকার সম্পত্তির অর্ধেক দেওয়ার লোভ দেখায় আয়ুষী। পরিকল্পনা অনুযায়ী, আয়ুষী ও তার সহযোগীরা এক মাস ধরে নীরজের গতিবিধি পর্যবেক্ষণ করে। তারা জানতে পারে যে নীরজ প্রতিদিন হেঁটেই অফিস থেকে বাড়ি ফেরেন। এই সুযোগ কাজে লাগিয়ে তারা মাকে খুন করার জন্য হরিয়ানা থেকে ৭ লক্ষ টাকার বিনিময়ে ভাড়াটে খুনি নিয়োগ করে। গত ৪ জুলাই নীরজ শর্মা অফিস থেকে বাড়ি ফেরার পথে ভাড়াটে খুনিরা একটি গাড়ি দিয়ে তাঁকে সজোরে ধাক্কা মারে, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনাটিকে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করা হলেও, নীরজের মামার সন্দেহ হয় এবং তিনি পুলিশকে জানান। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ নিশ্চিত হয় যে এটি একটি পরিকল্পিত খুন। ফুটেজে আয়ুষীর গতিবিধিও সন্দেহজনক মনে হয়। এরপর পুলিশ আয়ুষীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে সে নিজের অপরাধ স্বীকার করে। এই ঘটনায় আয়ুষী শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ।








