ব্যুরো নিউজ, ২৬ অক্টোবর ২০২৬: দিল্লিতে ফের বাড়ি ভেঙে বিপর্যয়। এবার হর্ষ বিহার থানার অন্তর্গত মিলন গার্ডেন এলাকায় নির্মীয়মাণ বাড়ির একাংশ ভেঙে পড়ায় মর্মান্তিক মৃত্যু হল বাবা ও ছেলের। রবিবার এই ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, একটি একতলা বাড়ির উপর নতুন করে আরও একটি তল তৈরির কাজ চলছিল। সেই সময়ই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মাণ অংশের দু’টি স্ল্যাব। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬০ বছর বয়সী বাবা ও তাঁর ৩৬ বছর বয়সী ছেলের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন, পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)। শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ।
ঘনবসতিপূর্ণ এলাকায় বাড়িটি এমনভাবে ঘেরা ছিল যে ঠিক কোন অংশটি ভেঙেছে, তা চিহ্নিত করতেও প্রথমে সমস্যা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় পুলিশ, সিভিল ডিফেন্সের কর্মী এবং এলাকার বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগান। দীর্ঘক্ষণের তল্লাশির পর ধ্বংসস্তূপের নিচ থেকে বাবা ও ছেলের দেহ উদ্ধার করা হয়। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। দিল্লির মন্ত্রী কপিল মিশ্র ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নতুন লিন্টেল বসানোর চেষ্টা চলার সময় সেটি ভেঙে পড়ে এবং নীচের স্ল্যাবও ধসে যায়। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হবে। উল্লেখ্য, এর কয়েক সপ্তাহ আগেই সত্য নিকেতন এলাকায় একটি বাড়ি ভেঙে সাত জনের মৃত্যু হয়েছিল। দিল্লিতে বাড়ি ভেঙে মৃত্যুর ঘটনা নতুন নয়, যা ফের একবার নিরাপত্তা ও নির্মাণ বিধি নিয়ে প্রশ্ন তুলে দিল।








