শ্রীকৃষ্ণকে নিয়ে বিতর্কিত মন্তব্য, আইনি জটিলতায় স্বঘোষিত ধর্মগুরু ধীরেন্দ্র শাস্ত্রী!

ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় উত্তরপ্রদেশের আগ্রা আদালতে আইনি গেরোয় স্বঘোষিত ধর্মগুরু ধীরেন্দ্র শাস্ত্রী। আগামী ১৪ ডিসেম্বর মামলার শুনানি।

Share:

ব্যুরো নিউজ, ৬ নভেম্বর ২০২৬: ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে এবার আইনি জটিলতায় জড়ালেন স্বঘোষিত ধর্মগুরু ধীরেন্দ্র শাস্ত্রী। তাঁর বিরুদ্ধে উত্তরপ্রদেশের আগ্রা আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ, শ্রীকৃষ্ণের বংশীধারী মূর্তি নিয়ে আপত্তিকর মন্তব্য করে শুধু তাঁর ভক্তদের ভাবাবেগে আঘাতই নয়, তাঁর উত্তরসূরিদেরও অপমান করেছেন বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র শাস্ত্রী। আদালত সেই মামলা গ্রহণ করেছে এবং আগামী ১৪ ডিসেম্বর মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

সম্প্রতি মধ্যপ্রদেশের শিবপুরে এক রামকথা অনুষ্ঠানে ধীরেন্দ্র শাস্ত্রী শ্রীকৃষ্ণের মূর্তি নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ‘তোমাদের কৃষ্ণ তো বাঁকা, আমাদের রামকে দেখো। তিনি চলেন সোজা, কাজ করেন সোজা, তাঁর নামটাও অতি সহজ। আর কৃষ্ণের মূর্তি দেখো। ঘাড়, কোমর বাঁকিয়ে বাঁশি বাজাচ্ছেন!’ তাঁর মতে, বাঁশি বাজানো কোনও বড় ব্যাপার নয়, বরং রামের ধনুকই আসল।

যদিও পরে ধীরেন্দ্র শাস্ত্রী তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন, কিন্তু তাতেও ভক্তদের ক্ষোভ কমেনি। এর আগেও বাঙালির খাদ্যাভ্যাস নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। তবে এবার সরাসরি ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ভক্তমহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।