জার্মানিতে তীব্র দাবদাহের বলি ৩০ জনের বেশি, জলে ডুবে মর্মান্তিক পরিণতি

জার্মানিতে তীব্র দাবদাহের জেরে জলে ডুবে ৩০ জনের বেশি মানুষের মর্মান্তিক মৃত্যু। ইউরোপজুড়ে তাপপ্রবাহ জনস্বাস্থ্য সংকটে পরিণত। ফ্রান্স সহ অন্যান্য দেশেও প্রভাব।

Share:

ব্যুরো নিউজ, ১লা জুলাই ২০২৬ঃ জার্মানিতে তীব্র দাবদাহের জেরে মর্মান্তিক ঘটনা। গরম থেকে বাঁচতে জলে নেমে প্রাণ হারালেন ৩০ জনেরও বেশি মানুষ। ইউরোপজুড়ে চলা তীব্র তাপপ্রবাহ এখন জনস্বাস্থ্য সংকটের আকার ধারণ করেছে। জার্মানির জীবন রক্ষা সংস্থার (ডিএলআরজি) তথ্য অনুযায়ী, গত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত প্রচণ্ড গরমে স্নান বা সাঁতার কাটতে গিয়ে অন্তত ২৬ জন প্রাণ হারিয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন, যাঁদের হিসেবের বাইরে রাখা হয়েছে। মৃতদের মধ্যে বেশিরভাগই পুরুষ এবং কয়েকজন কিশোরও রয়েছে। এমন ঘটনা জার্মানিতে বিরল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আন্তর্জাতিক ডেস্ক সূত্রে খবর, ২০ জুন থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে ইউরোপের বিভিন্ন দেশ পুড়ছে। জার্মানি, চেক প্রজাতন্ত্র ও পোল্যান্ডসহ বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে। ফ্রান্সে তাপপ্রবাহের কারণে এক হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে। তীব্র গরমে রাস্তার পিচ গলে যাওয়ার মতো ঘটনাও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সাধারণ মানুষ শরীর ঠান্ডা রাখতে নদী বা সুইমিং পুলের দিকে ঝুঁকছেন, আর তাতেই ঘটছে এই ভয়াবহ বিপত্তি।

এলবে নদী ও স্যাক্সনির পোহল জলাধারে নামা কয়েকজন সাঁতারু এখনও নিখোঁজ। বাডেন-ভুর্টেমবার্গ রাজ্যের কেল শহরের কাছে একটি হ্রদে ২৮ বছর বয়সী এক যুবকও নিখোঁজ রয়েছেন। জার্মানির আবহাওয়া দপ্তর জানিয়েছে, সাময়িক স্বস্তি মিললেও ১০ থেকে ১২ জুলাই পর্যন্ত আবারও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই পরিস্থিতি জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবকেই তুলে ধরছে।