ধর্মের আড়ালে নারী শোষণ! পুলিশের জালে আইআইটি পাশ স্বঘোষিত বাবা অভিষেক মিশ্র

ধর্ম প্রচারের আড়ালে মহিলাদের যৌন শোষণ ও অর্থ আদায়ের অভিযোগে মথুরা থেকে গ্রেফতার আইআইটি পাশ স্বঘোষিত বাবা অভিষেক মিশ্র। চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে।

Share:

ব্যুরো নিউজ, ৩ জুন ২০২৬ঃ ধর্ম প্রচারের আড়ালে মহিলাদের যৌন শোষণ ও অর্থ আদায়ের অভিযোগে মথুরা থেকে গ্রেফতার হলেন আইআইটি পাশ স্বঘোষিত ‘বাবা’ অভিষেক মিশ্র। ২৯ বছর বয়সী এই যুবক আইআইটি রুরকি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রিধারী। অনলাইনে গীতার জ্ঞান প্রচারের নামে সে দীর্ঘদিন ধরে মহিলাদের তার শিকার বানাচ্ছিল বলে অভিযোগ। এই ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ওড়িশার বাসিন্দা অভিষেক মিশ্র প্রথমে একটি কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করলেও, পরে চাকরি ছেড়ে মথুরার রাধাকুঞ্জে ‘কথাবাচক’ রূপে বসবাস শুরু করে। নিজের পরিচিতি বাড়াতে ‘রাধা কৃপা অমৃত’ নামে একটি ইউটিউব চ্যানেলও চালু করে, যেখানে সে হিন্দি ও ইংরেজিতে ধর্মোপদেশ দিত। তার আসল উদ্দেশ্য ছিল অল্প বয়সী মহিলাদের, বিশেষত ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থাকা যুবতীদের টার্গেট করা।

অভিযোগ, অভিষেক মিশ্র প্রথমে অনলাইন ভিডিওর মাধ্যমে মহিলাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করত। এরপর ধীরে ধীরে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে নিজের কাছে থাকতে বাধ্য করত। এইভাবে তার মথুরার বাড়িতে প্রায় ২৪ জন যুবক-যুবতী একসাথে থাকত। সে গান্ধর্ব মতে বিয়ের প্রস্তাব দিয়ে একাধিক মহিলাকে যৌন শোষণ ও হেনস্থা করত। এমনকি প্রসাদের নামে মাদক মেশানো দুধ খাইয়েও যৌন নির্যাতন চালাত বলে অভিযোগ। অভিযুক্তের মোবাইল থেকে বহু আপত্তিকর ছবি ও ভিডিও উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও, তার বাড়িতে থাকা যুবক-যুবতীদের থেকে টাকা আদায়ের অভিযোগও উঠেছে। পুলিশ বর্তমানে তদন্ত করে দেখছে, ঠিক কতজন মহিলা এই ভণ্ড বাবার চক্রান্তের শিকার হয়েছেন।