ব্যুরো নিউজ, ৪ জুলাই ২০২৬ঃ আন্তর্জাতিক বাজারে বাসমতি চাল রপ্তানিতে ভারতের কাছে বড়সড় ধাক্কা খেল পাকিস্তান। ভারতের সস্তা বাসমতি চাল এবং আগ্রাসী রপ্তানি নীতির কারণে পাকিস্তানের চাল শিল্প ৩.১ বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানিয়েছে সেদেশের জাতীয় পরিষদের বাণিজ্য কমিটি। পাকিস্তানের বাণিজ্য সচিব জাওয়াদ পাল এই তথ্য নিশ্চিত করেছেন, যা পাকিস্তানের অর্থনীতির জন্য এক উদ্বেগজনক বার্তা। জানা গেছে, চলতি আর্থিক বছরের প্রথম নয় মাসে আফগানিস্তান সীমান্ত বন্ধ থাকার কারণে পাকিস্তানের রপ্তানিতে প্রায় ১১০ কোটি ডলারের ক্ষতি হয়েছে।
এছাড়াও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জেরে বৈদেশিক চালান বাবদ আরও প্রায় ২০০ কোটি ডলার কমেছে। সব মিলিয়ে পাকিস্তানের বৈদেশিক বাণিজ্যে এক ব্যাপক পতন লক্ষ্য করা যাচ্ছে, যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার উপর নেতিবাচক প্রভাব ফেলছে। পাকিস্তানের কর্মকর্তাদের দাবি, তাদের চালের মান উন্নত হলেও ভারতের চাল আন্তর্জাতিক বাজারে প্রতি টনে ১১০০ ডলারে বিক্রি হচ্ছে, যেখানে পাকিস্তানের চালের দাম ১৩০০ ডলার। এই মূল্য পার্থক্যের কারণেই ভারতীয় বাসমতি চালের চাহিদা ক্রমশ বাড়ছে এবং পাকিস্তানের চাল ব্যবসায়ীরা ক্রমাগত অর্ডার হারাচ্ছেন।
ফলস্বরূপ, পাকিস্তানের চালের বাজার একেবারে মুখ থুবড়ে পড়েছে। জাভেদ হানিফ খানের নেতৃত্বে গঠিত বিশেষ কমিটি বর্তমানে বৈদেশিক বাণিজ্যের উপর আঞ্চলিক সংঘাতের প্রভাব গভীরভাবে পর্যালোচনা করছে। ভারতের ক্রমবর্ধমান জনপ্রিয়তার কাছে পাকিস্তানের বাসমতি চাল শিল্প তীব্র পতনের মুখে দাঁড়িয়েছে, যা তাদের জন্য এক কঠিন চ্যালেঞ্জ।







