ব্যুরো নিউজ, ৩ জুলাই ২০২৬ঃ প্রাক্তন উপরাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড় গুরুতর অসুস্থ হয়ে জয়পুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাঁর দ্রুত অ্যাঞ্জিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ তারিখে এই অস্ত্রোপচার সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। তাঁর অসুস্থতার খবরে দেশের রাজনৈতিক মহলে উদ্বেগ ছড়িয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শারীরিক অসুস্থতার কারণে ধনকড়কে হাসপাতালে আনা হয়।
প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর শারীরিক অবস্থা গুরুতর বলে ধরা পড়ে। চিকিৎসকরা জরুরি ভিত্তিতে অ্যাঞ্জিওপ্লাস্টির পরামর্শ দেন। বর্তমানে চিকিৎসকদের একটি বিশেষ দল গঠন করে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমেরিকার ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সমীন শর্মার তত্ত্বাবধানেই প্রাক্তন উপরাষ্ট্রপতির অস্ত্রোপচার করা হবে। জগদীপ ধনকড় উপরাষ্ট্রপতি হওয়ার আগে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর কার্যকালে রাজ্য সরকারের সঙ্গে বিভিন্ন বিষয়ে তাঁর মতপার্থক্য বহুবার শিরোনামে এসেছিল।
দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকাকালীনও তিনি তাঁর নিজস্ব ভঙ্গিতে কাজ করেছেন। তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব এবং সাধারণ মানুষ তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর তাঁর অবস্থা স্থিতিশীল রাখার জন্য সবরকম চেষ্টা করা হচ্ছে এবং আশা করা হচ্ছে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।








