কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শিবকুমারের শপথ, মন্ত্রিসভায় সিদ্দারামাইয়ার ছেলে

কর্নাটকের ৩৪তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডি কে শিবকুমার। উপমুখ্যমন্ত্রী জি. পরমেশ্বর। মন্ত্রিসভায় স্থান পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার ছেলে যতীন্দ্র।

Share:

ব্যুরো নিউজ, ৩ জুন ২০২৬ঃ দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর অবশেষে কর্নাটকে নেতৃত্ব বদলের জল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ডি কে শিবকুমার। বুধবার বেঙ্গালুরুর লোক ভবনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে কর্নাটকের ৩৪তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। তাঁর সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন প্রবীণ কংগ্রেস নেতা জি. পরমেশ্বর। রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট তাঁদের শপথবাক্য পাঠ করান।

শপথ গ্রহণের সময় ডি কে শিবকুমারের হাতে ভারতের সংবিধানের একটি কপি দেখা যায়, যা রাজনৈতিক মহলে এক গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী-সহ একাধিক শীর্ষ কংগ্রেস নেতা এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়ের পিছনে ডি কে শিবকুমারের সাংগঠনিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। বিশেষ করে ভোক্কালিগা সম্প্রদায়ের মধ্যে তাঁর প্রভাব এবং দলীয় সংগঠনকে শক্তিশালী করার কৃতিত্ব তাঁকে মুখ্যমন্ত্রীর আসনে পৌঁছে দিয়েছে।

অন্যদিকে, প্রবীণ কংগ্রেস নেতা জি পরমেশ্বরকে উপমুখ্যমন্ত্রী করার সিদ্ধান্তকে দলীয় ভারসাম্য রক্ষার কৌশল হিসেবেই দেখা হচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার ছেলে যতীন্দ্র সিদ্দারামাইয়াকে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগের জল্পনা থাকলেও, শেষ পর্যন্ত তাঁকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে। নতুন মন্ত্রিসভার প্রথম দফায় আরও ১২ থেকে ১৩ জন মন্ত্রী শপথ নিয়েছেন বলে জানা গিয়েছে। নেতৃত্ব বদলের মধ্যেও দল যে ঐক্যের বার্তা দিতে চাইছে, তা স্পষ্ট বলে মনে করছে রাজনৈতিক মহল।