ব্যুরো নিউজ, ৮ জুলাই ২০২৬ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ইন্দোনেশিয়া সফরে গিয়ে সেদেশের ঐতিহাসিক প্রামবানান হিন্দু মন্দির পরিদর্শন করেন। প্রায় ১০০০ বছরের প্রাচীন এই ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে তিনি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে পুজো অর্চনায় অংশ নেন। এই সফর ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে গভীর সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
মন্দির চত্বরে উপস্থিত অতিথি ও কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী ইন্দোনেশিয়ার জনগণের প্রশংসা করেন, যারা বহু শতাব্দী ধরে এই ঐতিহ্যবাহী মন্দিরের ঐতিহ্যকে যত্নের সঙ্গে রক্ষা করে আসছেন। তিনি ভবিষ্যতের প্রজন্মের জন্য এই সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে, কৈলাসের মানস সরোবর থেকে প্রামবানান মন্দির পর্যন্ত মহা মৃত্যুঞ্জয় মন্ত্রের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে, যা দুই দেশের প্রাচীন বন্ধনকে তুলে ধরে। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর এই সফরের একদিন আগেই দুই দেশের মধ্যে মন্দির সংরক্ষণ ও পুনরুদ্ধার প্রকল্প নিয়ে যৌথ আলোচনা হয়। ভারত এবং ইন্দোনেশিয়া উভয় দেশ ‘অ্যাক্ট ইস্ট’ নীতির আওতায় সাংস্কৃতিক সহযোগিতা পালনের পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের লক্ষ্যে অংশীদারিত্ব জোরদার করার প্রতিশ্রুতি জানিয়েছে।
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে অবস্থিত প্রামবানান মন্দিরটি দেশটির বৃহত্তম হিন্দু মন্দির কমপ্লেক্স এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার কম্বোডিয়ার অঙ্কোর ওয়াটের পর এর বিশেষ গুরুত্ব রয়েছে। এটি ভগবান শিব, বিষ্ণু এবং ব্রহ্মার উদ্দেশ্যে নির্মিত তিনটি বিশাল মন্দিরের মূল আকর্ষণ।








