যন্তর মন্তরে অনশনে আধাসেনার অবসরপ্রাপ্ত জওয়ানরা, দাবি পুরনো পেনশন ও নতুন আইন বাতিল

যন্তর মন্তরে অনশনে বসছেন আধাসেনার অবসরপ্রাপ্ত জওয়ানরা। পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনা ও নতুন সিএপিএফ আইন বাতিলের দাবিতে ১২ নভেম্বর এই কর্মসূচি।

Share:

ব্যুরো নিউজ, ২৩ আগস্ট ২০২৬: কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়িয়ে এবার দিল্লির যন্তর মন্তরে আন্দোলনে নামছে আধাসেনার অবসরপ্রাপ্ত জওয়ানরা। আগামী ১২ নভেম্বর যন্তর মন্তরে অনশন কর্মসূচির ঘোষণা করেছে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) অবসরপ্রাপ্ত কর্মীদের সংগঠন ‘এক্স প্যারামিলিটারি ফোর্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’। সরকারের কাছে একগুচ্ছ দাবিতে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।

জানা যাচ্ছে, ‘সিএপিএফ (জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন) আইন, ২০২৬’-এর বিরুদ্ধে সরব হয়েছেন আধাসেনার অবসরপ্রাপ্ত জওয়ানরা। গত ৯ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই আইন সিআরপিএফ এবং সিআইএসএফ-সহ সমস্ত কেন্দ্রীয় বাহিনীর ক্ষেত্রে প্রযোজ্য। এই আইন বাতিল ও পুরোনো পেনশন স্কিম (ওপিএস) পুনর্বহালেরও দাবি জানিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর প্রাক্তন কর্মীরা। শুধু তাই নয়, ডেপুটেশনে থাকা আইপিএস আধিকারিকদের ক্রমবর্ধমান আধিপত্যের বিরুদ্ধেও তাঁরা প্রতিবাদ জানাচ্ছেন।

‘এক্স প্যারামিলিটারি ফোর্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের’-এর প্রধান রণবীর সিং অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে তাঁদের দাবি উপেক্ষা করে আসছে। এই অবস্থায় প্রতিবাদ ছাড়া অন্য কোনও পথ নেই। দেশের সুরক্ষায় জীবন উৎসর্গ করার পরেও তাঁদের প্রাপ্য সম্মান ও অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ তাঁদের। এই অনশন কর্মসূচি তাঁদের দীর্ঘদিনের বঞ্চনার বিরুদ্ধে এক জোরালো প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে। সরকার তাঁদের দাবি মেনে না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।