জ্বালানি সংকটে রাশিয়া, ‘বন্ধু’ ভারতের থেকে পেট্রোল আমদানি শুরু পুতিনের দেশের

ইউক্রেন যুদ্ধের জেরে জ্বালানি সংকটে রাশিয়া। এবার 'বন্ধু' ভারতের থেকে পেট্রোল আমদানি শুরু করল পুতিনের দেশ। সমুদ্রপথে পাঠানো হচ্ছে ৬০ হাজার টনের বেশি পেট্রোল।

Share:

ব্যুরো নিউজ, ৩ জুলাই ২০২৬ঃ ইউক্রেন যুদ্ধের জেরে তীব্র জ্বালানি সংকটে ভুগছে তৈলভাণ্ডার রাশিয়া। একাধিক তৈল শোধনাগারে হামলার ফলে উৎপাদন ব্যাহত হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই কঠিন সময়ে ‘বন্ধু’ ভারতকে পাশে পেল পুতিনের দেশ। রয়টার্স সূত্রে খবর, রাশিয়া সমুদ্রপথে ভারতের থেকে গ্যাসোলিন বা পেট্রোল আমদানি শুরু করেছে। ইতিমধ্যেই ভারত থেকে ৬০ হাজার মেট্রিক টনেরও বেশি পেট্রোল রাশিয়ায় পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। দুটি ট্যাঙ্কারে এই জ্বালানি পাঠানো হয়েছে, যার পরিমাণ ৬০ থেকে ৮০ মেট্রিক টন হতে পারে।

জ্বালানির ঘাটতি মেটাতে রাশিয়া প্রতি মাসে প্রায় ৪ লক্ষ টন পেট্রোল বিভিন্ন দেশ থেকে আমদানি করার পরিকল্পনা করেছে। গরমকালে রাশিয়ায় জ্বালানির চাহিদা অনেক বেড়ে যায়। প্রতিদিন অন্তত ১ লক্ষ ১০ হাজার টন পেট্রোলের প্রয়োজন হয়। কিন্তু উৎপাদন ব্যাহত হওয়ায় চাহিদা অনুযায়ী যোগান দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে পেট্রোল পাম্পগুলিতে দীর্ঘ লাইন এবং খুচরো দামে রেকর্ড বৃদ্ধি দেখা যাচ্ছে। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও দেশজুড়ে জ্বালানির ঘাটতির কথা স্বীকার করেছেন।

তিনি জানিয়েছেন, ইউক্রেনের ড্রোন হামলার জেরে কয়েকটি অঞ্চলে এই ঘাটতি তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সরকার ব্যবস্থা নিচ্ছে। জ্বালানি সংকট মোকাবিলায় গত সপ্তাহে রাশিয়ার পার্লামেন্ট কর আইনে সংশোধনীও অনুমোদন করেছে। উল্লেখ্য, জুন মাসে ভারত রাশিয়ার থেকে প্রতিদিন প্রায় ২.৭০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে, যা সর্বকালের সর্বোচ্চ।