ব্যুরো নিউজ, ১৮ আগস্ট ২০২৬ : প্রাক্তন জলসম্পদ মন্ত্রী এবং আম আদমি পার্টির (আপ) নেতা সত্যেন্দ্র জৈন ফের গ্রেপ্তার হয়েছেন। দিল্লি জল বোর্ডের (ডিজেবি) ১.৫২ কোটি টাকার টেন্ডার দুর্নীতি মামলায় তাঁকে গ্রেপ্তার করেছে দিল্লির দুর্নীতি দমন শাখা। এর আগে আর্থিক তছরুপের এক মামলায় ১৮ মাস জেল খেটেছিলেন তিনি।
মঙ্গলবার এক বিবৃতিতে দুর্নীতি দমন শাখা জানিয়েছে, দিল্লি জল বোর্ডের নর্দমা শোধন কেন্দ্রগুলির (সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট) আধুনিকীকরণ সংক্রান্ত দরপত্র প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ উঠেছিল।
ভিজিল্যান্স ডিরেক্টরেটের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। এই তদন্তের পর মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের তালিকায় সত্যেন্দ্র জৈন ছাড়াও রয়েছেন দিল্লি জল বোর্ডের প্রাক্তন সিইও ও আইএএস আধিকারিক উদিত প্রকাশ রাই, প্রাক্তন চুক্তিভিত্তিক পরামর্শদাতা অঙ্কিত শ্রীবাস্তব, ‘এএন এন্টারপ্রাইজেস’-এর মালিক নগেন্দ্র যাদব, ‘ইউরোটেক এনভায়রনমেন্ট প্রাইভেট লিমিটেড’-এর মালিক রাজা কুমার কুররা এবং ‘সৃজনহার’-এর মালিক পঙ্কজ ভার্মা। দেশের রাজনীতি থেকে দুর্নীতি উৎখাত করার অঙ্গীকার নিয়ে আম আদমি পার্টির পথচলা শুরু হয়েছিল। সেই প্রেক্ষাপটে দলের একজন শীর্ষস্থানীয় নেতার বারবার দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া দিল্লির রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। এই ঘটনা আপের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।








